হাইওয়েতে গাড়ি খারাপ হলে সেখানেই মিলবে মেকানিক! বড় পদক্ষেপ NHAI-র

অনন্যা সরকার, নয়া দিল্লি: দীর্ঘ যাত্রাপথে প্রায়ই যানবাহনের চাকার পাংচার সারানো বা অন্য ছোটখাটো মেরামতির প্রয়োজন হয়। কিন্তু অনেকসময়ই মেকানিক বা গাড়ি সারাইয়ের দোকানের অভাবে সমস্যায় পড়তে হয় গাড়িচালকদের। তবে ন্যাশানাল হাইওয়ে (National Highway) ও এক্সপ্রেসওয়েতে (Expressway) ভ্রমণকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। এনএএইচআই তাদের সংস্থা ন্যাশনাল হাইওয়েজ লজিস্টিকস ম্যানেজমেন্ট লিমিটেড (NHLML)-কে হাইওয়েগুলোর পাশের সুবিধাকেন্দ্রগুলোতে যত দ্রুত সম্ভব যানবাহন মেরামতের দোকান এবং পাংচার মেরামতের সেন্টারগুলি (Wayside Amenities) পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে। আশা করা হচ্ছে, এতে উপকৃত হবে বহু মানুষ। 

এবার হাইওয়ের ধারেই সারিয়ে নেওয়া যাবে যানবাহন

এনএইচএলএমএল (NHLML) তার ফিল্ড অফিসগুলিকে নির্দেশ দিয়েছে, রাস্তার পাশে অবস্থিত ওয়েসাইড অ্যামিনিটিজগুলি চালানো লিজধারীদের এই ব্যবস্থাটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে। যদি কখনও মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কারও যানবাহন বিকল হয়ে যায় বা টায়ার পাংচার হয়, তবে তাদের প্রায়শই সাহায্য পেতে অনেক সময় লেগে যায়। এটি ভ্রমণকারীদের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কখনও কখনও এর থেকে নিরাপত্তার ঝুঁকিও সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের জন্যই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই পদক্ষেপ নিয়েছে।

ওয়েসাইড অ্যামিনিটিজ হল পিপিপি (PPP) মডেলের অধীনে দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে মহাসড়কের পাশে নির্মিত সুযোগ-সুবিধা প্রদানকারী কেন্দ্রগুলি। এই সেন্টারগুলিতে কিছু নির্দিষ্ট সুবিধা বাধ্যতামূলক, তবে অতিরিক্ত সুবিধাও যুক্ত করা যায়। যানবাহন মেরামতের দোকান এবং পাংচার মেরামতের সুবিধাও এই তালিকায় অন্তর্ভুক্ত, যেগুলিকে বর্তমানে সরকার অগ্রাধিকার দিয়েছে। 

আরও পড়ুনঃ ভারতের ৪১তম ইমিগ্রেশন চেকপোস্ট, হলদিয়া বন্দরের মুকুটে জুড়ল নয়া পালক

এই ইতিবাচক সিদ্ধান্তের ফলে ন্যাশনাল হাইওয়েতে যাতায়াতকারী যাত্রী এবং বাণিজ্যিক যানবাহনের চালক – উভয়েরই উপকার হবে। মাঝরাস্তায় কোনও যানবাহন বিকল হয়ে পড়লে, তা মেরামত করানোর জন্য চালককে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এটি জাতীয় মহাসড়কগুলিতে ভ্রমণ করা আরও সহজ করে তুলবে এবং ঝুঁকির পরিমাণও কমবে। এনএইচএআই (NHAI) জানিয়েছে, মহাসড়কের উন্নতির পাশাপাশি আমজনতার কাছে সড়কগুলিকে আরও সুবিধাজনক করে তোলার জন্যই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

Leave a Comment