অনন্যা সরকার, কলকাতা: অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি (SUV)-এর চাহিদা দিন দিন বাড়ছে। হোন্ডা তাই আগামী মাসে ভারতের বাজারে আনতে চলেছে প্রিমিয়াম এসইউভি, Honda ZR-V। তবে এই গাড়ির কমপ্লিটলি বিল্ট ইউনিট (CBU) ভারতে আনা হচ্ছে, অর্থাৎ গাড়িটি সরাসরি বিদেশ থেকে আমদানি করা হবে। ফলে, Honda ZR-V-এর দাম সাধারণ গাড়ির চেয়ে বেশি হতে পারে। Honda ZR-V প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে Skoda Kodiaq, BMW X1 এবং Volkswagen Tayron-এর মতো গাড়িগুলির সাথে প্রতিযোগিতা করবে। সবকটি মডেলই তাদের আকর্ষণীয় ফিচার এবং প্রিমিয়াম এক্সপেরিয়েন্সের জন্য পরিচিত। তাই, হোন্ডাকে এদেশে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আশা করা হচ্ছে যে, এই এসইউভি-টির লঞ্চের পর হোন্ডা ভারতীয় বাজারে তাদের অন্যান্য গ্লোবাল মডেলগুলিও আনতে পারে।
Honda ZR-V-এর ফিচার ও পারফরম্যান্স
বৈশিষ্ট্যের দিক থেকে Honda ZR-V যথেষ্ট আকর্ষণীয়। এতে একটি বিশাল প্যানোরামিক সানরুফ দেওয়া হবে। নিরাপত্তার জন্য, গাড়িটিতে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS) প্রযুক্তি থাকবে বলে জানা গেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চালকদের গাড়ি চালানোর অভিজ্ঞতা উন্নত হয়, পাশাপাশি এটি নিরাপত্তাও বৃদ্ধি করে না।
ইন্টেরিয়রের দিক থেকেও Honda ZR-V SUV যথেষ্ট বিলাসবহুল। গাড়ির মধ্যে রয়েছে ১২-স্পিকারের বোস (Bose) সাউন্ড সিস্টেম, যা চমৎকার অডিও এক্সপেরিয়েন্স অফার করে। এছাড়াও এতে মিলবে হিটেড লেদার স্টিয়ারিং হুইল, সম্পূর্ণ এলইডি লাইটিং, পাওয়ারড টেইলগেট এবং ইলেকট্রিক এডজাস্ট ফ্রন্ট সিটের মতো আধুনিক ফিচারগুলো। এই বৈশিষ্ট্যগুলি গাড়িটিকে একটি প্রিমিয়াম এবং আরামদায়ক ফ্যামিলি এসইউভি বানিয়েছে।
পারফরম্যান্স সর্ম্পকে বললে, Honda ZR-V-তে একটি হাইব্রিড পাওয়ারট্রেন রয়েছে বলে জানা গেছে। এই সিস্টেমটি প্রায় ১৮০ ব্রেক হর্স পাওয়ার বা বিএইচপি (bhp) শক্তি উৎপন্ন করতে সক্ষম। হাইব্রিড প্রযুক্তি থাকার ফলে পারফরম্যান্স উন্নত হওয়ার পাশাপাশি জ্বালানির খরচও কমে। সবচেয়ে উল্লেখযোগ্য হল, এই এসইউভি-টি ফুল ট্যাঙ্ক ফিউলের সাথে প্রায় ১,০০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে দাবি করা হচ্ছে, যা এটিকে লং ড্রাইভের জন্য উপযুক্ত করে তুলবে।
আরও পড়ুনঃ 6000mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর! বাজেটের মধ্যে ২৯ জুন ফোন লঞ্চ করছে Samsung
Honda ZR-V-এর প্ল্যাটফর্মটি মূলত হোন্ডা সিভিক (Honda Civic)-এর ওপর ভিত্তি করে তৈরি। সিভিক তার চমৎকার ড্রাইভিং কোয়ালিটি এবং আরামদায়ক রাইডের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই কারণেই ZR-V-ও একটি দুর্দান্ত ড্রাইভিং এক্সপেরিয়েন্স দেবে বলে আশা করা হচ্ছে।
Honda ZR-V-এর দাম
আসন্ন SUV-টি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হবে, তাই ভারতে এর দাম প্রায় ৪৫ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে। যদিও টপ-স্পেসিফিকেশনের ভ্যারিয়েন্টটির দাম ৫০ লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে।