SIR-র জন্য বাতিলের মুখে রেশন কার্ড! সুপ্রিম কোর্টে মামলা উঠলেও শুনল না বিচারপতিরা

প্রীতি পোদ্দার, কলকাতা: SIR এ নাম না থাকায় এবার বাতিল হতে চলেছে রেশন কার্ড (Ration Card)! আর সেই বিতর্ক নিয়ে এবার মামলা উঠল সুপ্রিম কোর্টে (Supreme Court)। অভিযোগ, দেশের নাগরিক হয়েও যাঁদের নাম SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে, তাঁদের রেশন কার্ডও বাতিলের মুখে পড়তে পারে। এই বিষয়ে রাজ্যের খাদ্য দফতরের জারি করা নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও শুনল না বিচারপতিরা।

রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ খাদ্য দফতরের

উল্লেখ্য, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় যখন SIR হয়েছিল সেই সময় প্রচুর মানুষের নাম বাদ গিয়েছিল। এদিকে রাজ্যে বিজেপি, সরকার গঠন করতেই রেশন ব্যবস্থায় নয়া নিয়ম আনল খাদ্য দফতর। যেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন কার্ডও বাতিল হতে পারে। একটু নির্দেশিকার মাধ্যমে জানানো হয় যে রাজ্যের সমস্ত জেলাশাসককে ১৫ জুনের মধ্যে গোটা রাজ্যে এই বিশেষ যাচাই ও বাতিলের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আর এবার সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে ‘পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি’ মামলা দায়ের করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এবার সেই মামলা নিয়ে কলকাতা হাই কোর্টে আর্জি জানানোর নির্দেশ দিল।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ‘ক্ষেত মজুর সমিতি’র হয়ে আইনজীবী এস প্রসন্ন এই মামলা দ্রুত শুনানির তালিকাভুক্ত করার আর্জি জানান। মামলাকারীদের অভিযোগ ছিল যে, “SIR-এ স্থানান্তরিত, গরহাজির, মৃত, ‘ডুপ্লিকেট ভোটার’ বলে চিহ্নিত ভোটারদের সঙ্গে খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের রেশন কার্ডও রাজ্য সরকার বাতিল করতে চাইছে। এর ফলে ৩৫ থেকে ৬০ লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। কিন্তু যাঁরা দেশের নাগরিক হয়েও SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে, তাঁদের রেশন কার্ডও বাতিলের মুখে পড়তে পারে।”

এরপরই বিচারপতি নাগরত্ন প্রশ্ন তুলেছেন যে, কেন এই বিষয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়নি? আইনজীবী যুক্তি দেন, এটা সর্বভারতীয় সমস্যা। কিন্তু বিচারপতিরা তাতে রাজি না হয়ে স্পষ্ট জানিয়ে দেন যে, SIR-এর তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন ব্যবস্থার বাইরে রাখা হচ্ছে বলে অভিযোগ করে দায়ের হওয়া মামলার শুনানি তারা করবে না। বরং এই মামলার আবেদনকারীকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে তারা। এছাড়াও আবেদনকারীদের উদ্দেশে সুপ্রিমকোর্ট জানিয়েছে, বিষয়টি সরাসরি সুপ্রিম কোর্টে বিবেচনার উপযুক্ত নয়।

আরও পড়ুন: বাড়িতে মিলেছে সাড়ে ৩ কেজি সোনা, কে এই সব্যসাচী ঘনিষ্ঠ টিনা?

প্রসঙ্গত, এতদিন প্রচুর মানুষ অবৈধভাবে রেশন তুলে গিয়েছেন। যার ফলে রেশন ব্যবস্থায় হয়েছে বিরাট দুর্নীতি। আর এই সমস্যার সমাধানেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের খাদ্য দফতর। বিজেপি নেতৃত্বের একাংশের মতে, যারা বৈধ ভারতীয় নাগরিক নন, তাদের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া উচিত নয়। সেই কারণেই রেশনের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে এখন কলকাতা হাইকোর্টে এই বিষয়ে কী ধরনের মামলা দায়ের হয় এবং আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

Leave a Comment