‘কণ্ঠস্বর আমারই’ ডিজে মামলায় এবার হাইকোর্টে CID-কে চ্যালেঞ্জ অভিষেকের

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিজে মামলা নিয়ে এবার সরগরম পরিস্থিতি রাজ্য রাজনীতিতে! সিআইডি-র (CID West Bengal) সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হলেন তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গিয়েছে আইনজীবী অয়ন ভট্টাচার্য এই মামলা নিয়ে আজ, বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আগামী সোমবার এই মামলার শুনানি হবে।

‘ডিজে’ মামলায় অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ‘ডিজে’ মামলায় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার ছাড়পত্র বিধাননগর আদালত থেকে পেয়ে গেছে সিআইডি। এরপর বুধবার রাত ৯ টার পর হাজিরার নোটিস ধরাতে তাঁর কালীঘাটের বাড়িতে যায় তদন্তকারীদের একটি দল। মূলত ‘ডিজে’ মামলায় অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষার আবেদনে আদালত যে অনুমতি দিয়েছে, সেই সংক্রান্ত অর্ডারের কপি দিতেই গেছিলেন তারা। নোটিসে উল্লেখ করা ছিল যে আগামী ৩০ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস টেস্ট করা হবে। কিন্তু এবার এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।

সিআইডির বিরুদ্ধে চ্যালেঞ্জ অভিষেকের

জানা গিয়েছে, ডিজে মামলার ঘটনায় আজ কলকাতা হাইকোর্টে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বিচারপতি কৌশিক চন্দের দৃষ্টি আকর্ষণ করেন। আদালতে অভিষেকের অভিযোগ, “ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি যে, ওই কণ্ঠস্বর আমার। তার পরেও কেন আবার কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে?” বিচারপতি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সোমবার এই মামলার শুনানি হবে। এখন দেখার এই মামলার জল কোনদিকে গড়ায়।

আরও পড়ুন: তারাতলা কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, মৃতদের পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ

প্রসঙ্গত, ২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচারে এক জনসভা থেকে বিরোধীদের নিশানা করে তীব্র হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাপ তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” আর সেই মন্তব্যকে ঘিরে বাগুইআটির এক স্থানীয় বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেছিলেন। আর তাই নিয়েই এখন চলছে মামলা মোকদ্দমা।

Leave a Comment