১৯টি চার, ১টি ছয় মেরে ১৬৮ রান! মাঠ কাঁপাচ্ছেন বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাদা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এখন বড়দের টিম ইন্ডিয়ার সদস্য। দলের হয়ে খেলতে আয়ারল্যান্ডে পৌঁছে গিয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক করলেই ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের নতুন নজির গড়বেন বৈভব। ঠিক তার আগেই তাক লাগানো ইনিংস খেলে নজরে এল বৈভবের ভাই আশীর্বাদ সূর্যবংশী (Vaibhav Sooryavanshi Brother)। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত শতরান করে নিজের ক্ষমতার জানান দিল সে।

বৈভবকেও পেছনে ফেলে দেবে ভাই আশীর্বাদ?

আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত বনাম আয়ারল্যান্ডের দুই টি-টোয়েন্টির সিরিজ। সেই ম্যাচের আগেই একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচে 119 বলে 168 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছে বৈভবের ভাই আশীর্বাদ সূর্যবংশী। 19টি চার এবং 6টি ছক্কা মেরে 141.18 স্ট্রাইক রেটে ব্যাট করেছে সে। ওদিকে আয়ারল্যান্ডে বসে ভাইয়ের খেলায় নজর রাখছেন বৈভব সূর্যবংশী। সেদেশ থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের ম্যাচের স্কোর কার্ড পোস্ট করেছেন বৈভব।

বলাই বাহুল্য, ক্রিকেট বৈভব সূর্যবংশীর পরিবারের রক্তে। বাবা সঞ্জীব সূর্যবংশী ক্রিকেট খেলতেন। স্বপ্ন ছিল একদিন বড় মাপের ক্রিকেটার হওয়ার। তবে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় ছেলেদের মধ্যে দিয়ে নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই ক্ষমতা জাহির করে ভারতীয় দলে সুযোগ পেয়ে গিয়েছেন বৈভব। এখন অপেক্ষা ছোট সূর্যবংশীর। ভারতীয় ক্রিকেটারের ভাই আশীর্বাদের ব্যাটিং দেখে কেউ কেউ বলছেন, আগামী দিনে বৈভব সূর্যবংশীকেও ছাপিয়ে যেতে পারে আশীর্বাদ!

অবশ্যই পড়ুন: জিতেছে ব্রাজিল, তাও কেঁদে ভাসালেন নেইমার, কেন?

উল্লেখ্য, কিছুদিন আগেই বিহারের সমস্তিপুরের তাজপুরে একটি ক্রিকেট অ্যাকাডেমির অনুশীলন ম্যাচে সেঞ্চুরি করেছিল আশীর্বাদ সূর্যবংশী। 97 বল খেলে 20টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিল সে। সেই দুর্ধর্ষ ইনিংসের পর ঘরোয়া ক্রিকেটে ফের তান্ডব চালিয়ে শিরোনামে উঠে গেল বৈভব সূর্যবংশীর ভাই।

Leave a Comment