বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত্রু মোকাবিলায় বিরাট পদক্ষেপ ভারতীয় সেনার (Indian Army)। যুদ্ধের ট্যাঙ্ক থেকে শুরু করে পদাতিক এমনকি গোলন্দাজ বাহিনীকে একই ছাদের তলায় নিয়ে এসে স্বয়ংসম্পূর্ণ কয়েকটি ছোট ছোট ইউনিট তৈরি করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। যাকে বলা হয় ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ। রিপোর্ট অনুযায়ী, আগামী পয়লা জুলাই থেকেই কার্যকর হয়ে যাবে দেশের ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ।
কীভাবে কাজ করবে এই গ্রুপ?
ওই প্রতিবেদন অনুযায়ী, প্রথমত দেশের প্রথম ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপকে 5টি ভাগে ভাগ করা হবে। এক কথায় পাঁচটি গ্রুপে ভাগ হবে আসল গ্রুপটি। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর সপ্তদশ কোরের অধীনে কাজ করবে এই ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ। বলে রাখা প্রয়োজন, ভারতীয় সেনার এই কোরের প্রধান ঘাঁটি রয়েছে পশ্চিমবঙ্গ তথা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পশ্চিম বর্ধমানের পানাগড়ে।
বলাই বাহুল্য, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চিনের আগ্রাসানের মোকাবিলা করে থাকে ভারতীয় সেনার এই কোর। প্রথমদিকে শোনা গিয়েছিল, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারতীয় সেনার এই বিশেষ কোরের অধীনে কাজ শুরু করবে ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ। তবে এখন শোনা যাচ্ছে, সেই নির্দিষ্ট সময়ের অনেক আগেই অর্থাৎ জুলাই মাসেই পুরোপুরি কার্যকর হয়ে যেতে চলেছে এই গ্রুপ।
এখানে বলে রাখা প্রয়োজন, এই ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ যেহেতু পাঁচটি ভাগে বিভক্ত হবে ফলে প্রতিটি গ্রুপকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবেন একজন মেজর জেনারেল পদমর্যাদার ভারতীয় সেনা অফিসার। সঙ্গে এই গ্রুপে থাকবেন কয়েকজন ইঞ্জিনিয়ারও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রত্যেকটি গ্রুপে 5000 করে ভারতীয় সেনার জওয়ান থাকবেন।
অবশ্যই পড়ুন: নতুন কোচের পাশাপাশি মোহনবাগানে আসছেন এক ভয়ঙ্কর ফুটবলার!
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতীয় সেনার গঠনতন্ত্র এবং পরিকাঠামে আমল সংস্কার করার পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সাথে দ্রুত সামরিক পদক্ষেপ কার্যকরী বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এরপর থেকে বিগত সাত বছর ধরে একটানা আলোচনা চলছিল এ নিয়ে। অবশেষে সেই আলোচনায় মিলেছে সম্মতি। সবুজ সংকেত পাওয়ার পরই ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ তৈরি করতে চলেছে ভারতীয় সেনা। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে পাহাড়ি অঞ্চলে জরুরী ভিত্তিতে দ্রুততার সাথে পৌঁছে যেতে পারবে এই ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ।