কলকাতায় গঙ্গার ওপর চলবে ওয়াটার মেট্রো, কোন রুটে মিলবে পরিষেবা?

অনন্যা সরকার, কলকাতা: গত মে মাসে পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবারের জন্য সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে একের পর এক নতুন প্রকল্পের প্রস্তাব দিয়েছেন। ইতিমধ্যেই কিছু প্রকল্পের কাজ শুরু হয়েছে, আর অনেকগুলি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অন্যতম হল গঙ্গার ওপর ‘ওয়াটার মেট্রো’ (Water Metro)। আসুন তাহলে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটির সম্পর্কে এখনও পর্যন্ত কী কী তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক। 

ওয়াটার মেট্রো চলবে কোন রুটে?

ডবল ইঞ্জিন সরকারের ঘোষিত কর্মপদ্ধতি অনুযায়ী পশ্চিমবঙ্গেও ‘ওয়াটার মেট্রো’ প্রজেক্ট চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সূত্র মারফৎ জানা গেছে, কেন্দ্রীয় সরকারের তরফে প্রাথমিকভাবে বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বাগবাজার, শোভাবাজার, হাওড়া স্টেশন, শালিমার এবং শ্রীরামপুরকে নতুন ওয়াটার মেট্রো প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে এই প্রকল্পে হুগলি নদীর তীরবর্তী আরও কিছু স্থান যুক্ত হতে পারে। পর্যটন, শিল্প-বাণিজ্য, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, জলপথ পরিবহন ও বন্দর-জাহাজ – এই সাতটি মন্ত্রক একযোগে পশ্চিমবঙ্গের ওয়াটার মেট্রো প্রকল্পের রূপরেখা তৈরি করছে। এই প্রকল্পের ডিটেইল প্রজেক্ট রিপোর্ট (DPR) শীঘ্রই তৈরি হবে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, কোচিতে প্রথম চালু হয়েছে ওয়াটার মেট্রো। কেন্দ্রে তৃতীয়বার বিজেপি ক্ষমতায় আসার পর শোনা গিয়েছিল জম্মু-কাশ্মীর ও অসমেও ওয়াটার মেট্রো প্রজেক্টের কাজ শুরু হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জেতার পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নির্দেশে এবার এরাজ্যও এই তালিকায় যুক্ত হয়েছে। কলকাতার অত্যাধিক যানজটের সমস্যা মেটাতে ওয়াটার মেট্রো অনেকাংশে সাহায্য করবে বলে মনে করছেন প্রশাসনিক মহল। 

আরও পড়ুনঃ ৯১৫ কোটির চুক্তি, ২ বছর পর ভারত থেকে রেল কোচ আমদানি করছে বাংলাদেশ

এছাড়া, গঙ্গার ওপর এই মেট্রো প্রকল্প বিদেশী পর্যটকদেরও আকর্ষণ করবে বলে আশা করা যায়। গত বছর পশ্চিমবঙ্গে বিদেশী পর্যটক এসেছিলেন প্রায় ৩২ লক্ষ। পরিসংখ্যান অনুযায়ী বিদেশী পর্যটকের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকা রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। তাই নতুন ওয়াটার মেট্রো প্রকল্প যেমন একদিকে কলকাতার সৌন্দর্যের মুকুটে নতুন পালক যোগ করবে, সেরকমই বৈদেশিক মুদ্রা অর্জনেরও উপায় হবে বলে মনে করছেন কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তরের প্রতিনিধিরা। দুর্গা পুজোকে সারা বিশ্বের সামনে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্যও ওয়াটার মেট্রোকে ব্যবহার করার পরিকল্পনা করছে কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। 

Leave a Comment