প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটে বিপর্যয়ের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। একাধিক চাঞ্চল্যকর এবং দূর্নীতিমূলক অভিযোগ তুলে কম বেশি সকলেই মমতার সঙ্গ ছাড়ছেন। আর এবার শোনা যাচ্ছে, আরও তিন জন ‘মমতাপন্থী’ বা ‘কালীঘাটপন্থী’ বিধায়ক যোগ দিতে চাইছে বিদ্রোহীদের দলে, এমনই দাবি তুলছে ঋতব্রত (Ritabrata Banerjee) শিবিরের একাধিক। কিন্তু সেই ধোঁয়াশার মাঝেই এবার অন্য দাবি তুললেন বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
অসহায় হয়ে পড়ছে মমতাপন্থী তৃণমূল
২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের উপর দিয়ে যেন এক ভয়ংকর ঝড় বয়ে গিয়েছে। নিমেষের মধ্যেই ১৫ বছরের মমতার সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দিয়েছে বিজেপি। এখানেই শেষ নয়, ক্ষমতাচ্যুত হতেই একাধিক নেতা, বিধায়ক, সাংসদও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে দিচ্ছেন। ফলস্বরূপ নিজের হাতে গড়ে তোলা দলের নেতৃত্বও হাতছাড়া হয়ে যাচ্ছে নেত্রীর। পাশাপাশি দেড় দশকেরও বেশি সময় ধরে পাশে থাকা সংখ্যালঘুরাও ধীরে ধীরে পাশ থেকে সরে যাচ্ছেন। এই অবস্থায় মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে আরও ৩ জন বিধায়কের যোগদানের খবর পাওয়া যাচ্ছে।
তিনজন যোগ দেবে ঋতব্রতর দলে?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, সোমবার বিধানসভায় ওবিসি সংশোধনী বিল থেকে গুন্ডাদমন বিল এই সকল গুরুত্বপূর্ণ আইন পাসকে ঘিরে দিনভর উত্তেজনা ছিল চরমে। এদিন প্রথমে OBC সংশোধনী বিল পেশ হয়েছিল, এরপরই কে কতজন বিধায়কের সমর্থন পাচ্ছে, তা নিয়ে সরগরম হয়ে ওঠে দুই শিবির। আর সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কয়েকজন দাবি করেছিল যে, আরও তিন জন ‘মমতাপন্থী’ বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করতে চলেছেন। এর ফলে তাঁদের সমর্থনকারী বিধায়কের সংখ্যা ৬৫ থেকে বেড়ে ৬৮-তে পৌঁছতে চলেছে। যদিও ওই তিন বিধায়কের নাম প্রকাশ করা হয়নি। আর এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল শুরু হয় রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন: এক হয়ে যাচ্ছে SBI, PNB ও কানাড়া ব্যাঙ্ক? যা জানাল কেন্দ্রীয় সরকার
অন্য দাবি কুণালের
জানা গিয়েছে, বিধানসভায় যখন গুন্ডাদমন বিলকে নিয়ে ভোটাভুটি শুরু হয় তখন পাল্টা দাবি করেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ঋতব্রত শিবিরের চার জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই কারণেই তাঁরা বিলের ভোটাভুটিতে অংশ নেননি। কিন্তু প্রকাশ্যে আসেনি নাম। এদিকে গুন্ডাদমন বিলের ভোটাভুটিতে বিলের পক্ষে পড়ে ১৭৬টি ভোট পড়েছে এবং বিরোধিতা করেন ৪১ জন বিধায়ক। অন্যদিকে ২০ জন ভোটদান থেকে বিরত রয়েছেন, আর তাঁদেরকেই কালীঘাটপন্থী শিবিরের সদস্য বলে দাবি করা হচ্ছে। এখন দেখার আদতে ঋতব্রত শিবিরে কোনো মমতা পন্থী বিধায়ক যোগ দেয় কিনা।