স্কুলে যেতে প্রত্যেক পড়ুয়াকে ইলেকট্রিক সাইকেল দেবে কেন্দ্র? জানাল সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কখন কোন তথ্য ভাইরাল হয় তা বলা দুষ্কর (Viral Video)। এমনকি অনেক সময় বিভিন্ন এমন অনেক ছবি বা ভিডিও ভাইরাল হয় যেগুলির কোনও সত্যতা থাকে না, সাধারণ মানুষের কাছে তা বিভ্রান্তিকর। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বলতে শোনা যাচ্ছে, স্কুলে যাতায়াতের জন্য নাকি সব শিশুকে বিনামূল্যে একটি করে বৈদ্যুতিক সাইকেল দেওয়া হবে। আদৌ কি তাই?

শিশুদের বিনামূল্যে বৈদ্যুতিক সাইকেল দিচ্ছে সরকার?

আসলে ‘GovtEdge’ নামের একটি ফেসবুক পেজ থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যাচ্ছে, “প্রত্যেকটি বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য একটি করে ইলেকট্রিক সাইকেল দেওয়া হবে। তাড়াতাড়ি সবাই আবেদন করো। সময় অনেক কম।” এমনকি সেই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া হচ্ছে, যেখানে আবেদন করার জন্য ব্যবহারকারীদেরকে ক্লিক করতে করা হয়েছে। ভিডিওটি দেখলেই মনে হবে যে অবিকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাচ্চাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবিটি সম্পূর্ণ ফেক বা ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ফ্যাক্ট চেক সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি। তারা ফ্যাক্ট চেক করে জানিয়েছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আসলে একটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভুয়ো ভিডিও। কেন্দ্রীয় সরকার কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন: চা পাতা আটকে ফাঁফরে, এরই মধ্যে ভারতকে নিয়ে বড় সিদ্ধান্ত নেপালের

এমনকি পিআইবি-র তরফ থেকে আরও জানানো হয়েছে, সতর্ক থাকার চেষ্টা করুন। এরকম প্রলোভনমূলক দাবিতে বিভ্রান্ত হবেন না এবং এই ধরনের কোনও ভিডিও শেয়ার করবেন না। আর অজানা কোনও লিংকে ক্লিক করতে বারণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এমনকি কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত সমস্ত সঠিক তথ্য জানার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট https://myscheme.gov.in এর উপর নির্ভর করতে বলা হয়েছে পিআইবি-র তরফ থেকে।

Leave a Comment