সৌভিক মুখার্জী, কলকাতা: ক্রিকেটপ্রেমী এবং স্মার্টফোন অনুরাগীদের জন্য এবার বিশেষ চমক দিচ্ছে Nothing। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে Nothing Phone 4b RCB Edition ফোন লঞ্চের ঘোষণা করেছে। এটি তৈরি করা হয়েছে আইপিএলে 2025 এবং 2026 সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সম্মান জানিয়েই। এমনকি একইসঙ্গে 7 জুলাই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে স্ট্যান্ডার্ড Nothing Phone 4b ফোন। সবথেকে বড় বিষয়, এই বিশেষ সংস্করণের ফোনটি সাধারণভাবে বাজারে বিক্রি হবে না। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ষ্টোর থেকেই সীমিত সংখ্যায় এই ফোনটি কেনার সুযোগ পাবে ক্রেতারা।
একদিনের জন্যই বিক্রি হবে Nothing Phone 4b RCB Edition
Nothing জানিয়েছে, আগামী 7 জুলাই ব্যাঙ্গালুরর অফিসিয়াল Nothing স্টোরে একদিনের জন্য বিশেষ সেলের মাধ্যমে ফোনটি বিক্রি করা হবে। বিকাল 4:00 টা থেকে ফোনটি বিক্রি শুরু হবে, এবং ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ ভিত্তিতে সীমিত ইউনিট উপলব্ধ থাকবে এই স্টোরে। এমনকি সংস্থার তরফ থেকে আপাতত এই বিশেষ সংস্করণটি অনলাইনে বিক্রির ঘোষণা করা হয়নি।
ডিজাইনে RCB-র ছোঁয়া
Nothing Phone 4b RCB Edition ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর ডিজাইন। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ম্যাট রেড ফিনিশ, খোদাই করা RCB-র সিংহের লোগো এবং RCB থিম যুক্ত লাল রঙের বিশেষ ডিজাইন। আবার অন্যদিকে স্ট্যান্ডার্ড Nothing Phone 4b ফোনটি বাজারে সাদা, নীল ও কালো এই তিনটি রঙে পাওয়া যাবে।
পারফরম্যান্স কী কী থাকতে পারে?
বিশেষ এই সংস্করণের স্মার্টফোনটিতে স্ট্যান্ডার্ড Nothing Phone 4b এর মতোই হার্ডওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এই ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে থাকবে, যেটির রিফ্রেশ রেট হবে 120z। ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসরের উপর বেস করেই চলবে। এমনকি সর্বোচ্চ 8GB LPDDR4X RAM থাকবে এবং সর্বোচ্চ 256GB UFS 2.2 স্টোরেজ থাকবে। নাথিং ইতিমধ্যে জানিয়েছে যে, ফোনটিতে নতুন Snapdragon প্রসেসরের সঙ্গে উন্নত এআই ফিচার দেওয়া হবে।
আরও পড়ুন: সঞ্জু বা ইশান নন, বৈভবকে জায়গা দিতে বাদ যাবেন ভারতকে বিশ্বকাপে জেতানো প্লেয়ার!
তবে কোম্পানি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি যে RCB Edition এর সঙ্গে আর কোনও বিশেষ সফটওয়্যার কাস্টমাইজেশন দেওয়া হবে কিনা। কিন্তু সীমিত সংস্করণের স্মার্টফোনে সাধারণত কাস্টম ওয়ালপেপার, বিশেষ প্যাকেজিং বা অন্যান্য উপহার দেওয়া হতে পারে। যদিও Nothing ভারতীয় বাজারে ফোনটির অফিশিয়াল দাম ঘোষণা করেনি। কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, এই ফোনটির দাম হতে পারে 30 হাজার টাকার উপরে।