বর্ষায় ঘুরে আসুন পশ্চিমবঙ্গের এই ৫টি অফবিট ডেস্টিনেশন থেকে

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠেছে। এই সময়ে যে দিকে চোখ যাচ্ছে চারিদিকে সবুজ, শীতল হাওয়া এবং বৃষ্টি ভ্রমণের আনন্দ বহু গুণে বাড়িয়ে দেয়। এই বর্ষায় যদি আপনি ভিড় থেকে দূরে একটি শান্ত ও প্রাকৃতিক জায়গার খোঁজে থাকেন, তবে আজ আপনাদের পশ্চিমবঙ্গের কিছু অফবিট গন্তব্যের (Bengal Offbeat) সন্ধান দেব যেখানে ভ্রমণ পরিকল্পনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। সমুদ্র, বন, পাহাড় এবং লেকের এক অনন্য মিলন দেখা যায়, যা বর্ষাকালে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

হেনরি আইল্যান্ড

প্রথমেই যে সুন্দর জায়গাটি নিয়ে আলোচনা করবো সেটি হল হেনরি আইল্যান্ড। কলকাতা থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত হেনরি আইল্যান্ড তার শান্ত সৈকত, লাল কাঁকড়া এবং ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত। বর্ষাকালে এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যায়। আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে একটি আরামদায়ক সপ্তাহান্ত কাটাতে চান, তবে এই জায়গাটি আপনার জন্য আদর্শ হতে পারে।

শান্তিনিকেতনের সোনাঝরি

ভ্রমণ প্রিয় বাঙালির আরও একটি পছন্দের জায়গা হল শান্তিনিকেতন ও সেখানে থাকা সোনাঝুরি বন। শান্তিনিকেতনের কাছে অবস্থিত সোনঝুরি অরণ্য বর্ষাকালে এক সবুজ ঘন জঙ্গলে পরিণত হয়। এখানকার লাল মাটির পথে হেঁটে বেড়ানো এক সত্যিই আনন্দদায়ক অভিজ্ঞতা। বনের মধ্যে বসা হাট বাজারটি পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়, যেখানে হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক এবং স্থানীয় পণ্য মেলে। আপনার ভ্রমণের অভিজ্ঞতা আরও দ্বিগুণ করবে বাউলদের গান ও একতারার সুর।

মুকুটমণিপুর

কলকাতা থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থলে মুকুটমণিপুর একটি সুন্দর পর্যটন কেন্দ্র। বর্ষাকালে এখানকার কংসাবতী বাঁধটি মনোমুগ্ধকর সুন্দর হয়ে ওঠে। পর্যটকরা এখানে নৌবিহার উপভোগ করতে পারেন, এবং এখানকার হরিণ উদ্যান ও শান্ত পরিবেশ এটিকে পরিবার ও বন্ধুদের সাথে বেড়ানোর জন্য একটি উপযুক্ত স্থান করে তুলেছে।

গড়পঞ্চকোট

আপনি যদি ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য দুটোই উপভোগ করতে চান, তবে পুরুলিয়ার গড় পঞ্চকোট একটি চমৎকার গন্তব্য। বর্ষাকালে এখানকার প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, পুরোনো মন্দির এবং চারপাশের শাল ও পলাশ বন মনোমুগ্ধকর সুন্দর হয়ে ওঠে। নিকটবর্তী পঞ্চেত বাঁধ এবং বরন্তি লেক এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।

লামাহাট্টা

দার্জিলিং যাওয়ার পথে অবস্থিত লামাহাট্টা বর্ষাকালে এক স্বর্গীয় জায়গা। এর গভীর পাইন বন, ফুলে ভরা ইকো-পার্ক এবং কুয়াশাচ্ছন্ন পর্বতমালা পর্যটকদের আকর্ষণ করে। এখান থেকে জোরে পোখারি পর্যন্ত একটি ছোট ট্রেকও করা যায়। যদিও বর্ষাকালে মেঘের কারণে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দৃশ্য সবসময় দেখা যায় না, তবুও মনোরম আবহাওয়া এবং প্রাকৃতিক দৃশ্য ভ্রমণপ্রিয় বাঙালির মনে দারুণ জায়গা করে নেয়।

Leave a Comment