সৌভিক মুখার্জী, কলকাতা: হরমুজ (Strait of Hormuz) আবারও বন্ধ হতেই ভারতসহ অন্যান্য তেল আমদানিকারক দেশগুলির কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তবে সেই অস্বস্তির মধ্যে ট্যাক্স কাঠামোতে বিরাট বদল আনল কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, পেট্রোলের উপর রফতানি শুল্ক কমালেও ডিজেল এবং এভিয়েশন ফুয়েলের উপর তা অনেকটাই বাড়ানো হয়েছে। এমনকি অর্থ মন্ত্রকের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ অর্থাৎ ১৬ জুলাই থেকেই তা কার্যকর হচ্ছে। তাহলে কি আবারও বাড়বে জ্বালানির দাম (Petrol-Diesel Price)?
পেট্রোল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের
অর্থ মন্ত্রকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই অনুযায়ী, পেট্রোল রফতানির উপর অতিরিক্ত শুল্ক প্রতি লিটারে ৪ টাকা কমিয়ে এবার ২.৫ টাকা করা হয়েছে। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, ডিজেলের রফতানি প্রতি লিটারে ১৫.৫০ টাকা করা হয়েছে। আগে ছিল ৮.৫০ টাকা, এবং এখন বাড়ানো হয়েছে লিটারে ৭ টাকা। এর পাশাপাশি এভিয়েশন টারবাইন ফুয়েলের রফতানিতে প্রতি লিটারে শুল্ক ধার্য করা হয়েছে ১৪.৫০ টাকা। এখানেও বাড়ানো হয়েছে ৭ টাকা প্রতি লিটার, যেখানে আগে ছিল ৭.৫০ টাকা।
আসলে বিশ্ববাজারে ফের তৈরি হয়েছে অস্থিরতা। কারণ, সম্প্রতি ইরান হরমুজে জাহাজ হামলা করে এই প্রণালী বন্ধের ঘোষণা করেছে। যে কারণে অপরিশোধিত তেলের দাম দিনের পর দিন বাড়ছে। ইতিমধ্যেই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল পিছু ৮৪.৭৩ ডলারে পৌঁছেছে, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হওয়া এবং তেলবাহী জাহাজগুলোতে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে ডিজেলের সরবরাহে চাপ পড়ছে। এছাড়া রাশিয়াতে সম্প্রতি ডিজেল রফতানি অনেকটাই কমেছে। সেই কারণেই এবার ডিজেলের রফতানি শুল্ক বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
আরও পড়ুন: ভারী বৃষ্টির জেরে বিপাকে বুলেট ট্রেন প্রকল্প? ভেসে গেল গুরুত্বপূর্ণ ব্রিজ!
তবে অর্থ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, এভিয়েশন ফুয়েলের মূল্য প্রতি ১৫ দিন অন্তর পর্যালোচনা করা হয়। সেই হিসেবেই রফতানি শুল্কে পরিবর্তন আনা হয়। তবে সরকার আরও জানিয়েছে যে, শুধুমাত্র রফতানির ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হচ্ছে। পেট্রোল-ডিজেল বা এভিয়েশন ফুয়েলের আমদানি শুল্কে সেরকম কোনও পরিবর্তন হয়নি। বিদেশ থেকে এই জ্বালানি পণ্য আমদানির নিয়ম আগের মতোই থাকবে। কিন্তু পেট্রোলের রফতানি শুল্ক কমানোয় কিছুটা সুবিধা মিলবে। আপাতত সাধারণ মানুষের উপর পেট্রোল-ডিজেলের খুচরো দামে এই সিদ্ধান্তে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি ওয়াকিবহাল মহলের।