প্রবীণরা পাবে বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা, চালু হল আয়ুষ্মান বয়ো বন্দনা কার্ড

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বড় উদ্যোগ কেন্দ্র সরকারের। এবার আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কার্ডের পাশাপাশি বৃদ্ধদের জন্য চালু করা হয়েছে আয়ুষ্মান বয়ো বন্দনা কার্ড, যার আওতায় ৭০ বছর কিংবা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকদের বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। সবথেকে বড় ব্যাপার, এই কার্ড পেতে গেলে আয়ুষ্মান ভারতের মতো কোনও যোগ্যতার মানদন্ড পূরণ করতে হবে না। কীভাবে বানাবেন তা বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান বয়ো বন্দনা কার্ড

দেশজুড়ে প্রত্যেকটি যোগ্য নাগরিককে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এতদিন পশ্চিমবঙ্গে এই প্রকল্পে চালু ছিল না। কিন্তু সরকার পরিবর্তন হতেই তা বাস্তবায়িত হয়েছে। কিন্তু ৭০ উর্ধ্ব বা ৭০ বছরের বেশি সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য এবার কেন্দ্রের তরফ থেকে এই আয়ুষ্মান বয়ো বন্দনা কার্ড চালু করা হয়েছে, যেখানেও ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। তবে বড় ব্যাপার, এই প্রকল্পে আবেদন করার জন্য কোনও আয়ের সীমাবদ্ধতা বা অন্য কোনও যোগ্যতা লাগবে না। শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই পাওয়া যাবে এই কার্ড।

জানা গিয়েছে, এই প্রকল্পে যোগ্য প্রবীণ নাগরিকরা কোনওরকম অর্থ প্রদান ছাড়াই যে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পায়। এমনকি যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত, তাদেরকেও এই প্রকল্পের আওতায় পৃথক আয়ুষ্মান বয়ো বন্দনা কার্ড প্রদান করা হবে। এছাড়া যে সমস্ত প্রবীণ নাগরিক কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প, প্রাক্তন সৈনিক অবদান মূলক স্বাস্থ্য প্রকল্প বা অন্যান্য বেসরকারি স্বাস্থ্য বীমা পলিসির সঙ্গে যুক্ত তারাও পাবে এই কার্ড।

আরও পড়ুন: সক্রিয় বর্ষার ফলে ৯ জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, আজকের আবহাওয়া

কীভাবে আবেদন করবেন?

আয়ুষ্মান বয়ো বন্দনা কার্ডের জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে বায়োমেট্রিক যাচাই করতে হবে। এরপর বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের তথ্য ইনপুট করতে হবে। যাচাই সম্পন্ন হলেই সরাসরি এই কার্ড হাতে পেয়ে যাবেন। তবে যাদের ক্ষেত্রে সমস্যা বলে মনে হচ্ছে তারা নিকটবর্তী কোনও কমন সার্ভিস সেন্টারে গিয়ে সরাসরি এই কার্ড বানিয়ে নিতে পারবেন।

Leave a Comment