মিলল না রক্ষাকবচ, ফের হাইকোর্টে ঘাড়ধাক্কা খেলেন অভিষেক

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা হাইকোর্টের ফের ঘাড়ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! রক্ষাকবচের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, সব ক্ষেত্রে রক্ষাকবচ মেলে না। এমনকি তিনি আরও জানান, “শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করতে যাবেন না।” আসলে তাঁর আইনজীবী কপিল সিব্বলের দাবি ছিল, ডিজে মামলার জেরে রক্ষাকবচ রয়েছে তাঁর। তবে অন্যান্য এফআইআর থেকে মুক্তি পেতে সার্বিক রক্ষাকবচের জন্যই আবেদন করা হয়েছিল। সেখানেই ধাক্কা খেলেন অভিষেক।

রক্ষাকবচ পেলেন না তৃণমূল সাংসদ

আসলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় মোট ৮টি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ডিজে মন্তব্য মামলায় তিনি সার্বিক রক্ষাকবচ পেয়েছিলেন। কিন্তু বাদবাকি এফআইআর-গুলির জন্যই রক্ষাকবচের আবেদন করেছিলেন তিনি। সেই মামলা শুনানির জন্য ওঠে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। তবে সেখানেই বিচারপতি অভিষেকের আইনজীবী কপিল সিব্বলকে স্পষ্ট জানিয়েছেন, এক একটা অভিযোগ একেক রকম। সবক্ষেত্রে রক্ষাকবচ কীভাবে দেওয়া যায়? এতে তদন্তের ক্ষেত্রে ক্ষতি হতে পারে।

যদিও আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে বলেই জানানো হয়েছে আদালতের তরফ থেকে। তবে বৃহস্পতিবার অবধি রক্ষাকবচ চাওয়া হলেও সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। কারণ হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, ইতিমধ্যেই দুটি পৃথক মামলার ক্ষেত্রে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছে। বাকিগুলির ক্ষেত্রে দেওয়া সম্ভব নয়। তবে আগামী বৃহস্পতিবার শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকা না মেলায় অঞ্চল সহায়কের জামা ছিঁড়ে দিলেন মহিলারা, উত্তপ্ত ধূপগুড়ি

যদিও এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টানেন। কারণ, তখন আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ প্রদান করেছিল। অর্থাৎ তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আগে অনুমতি নিতে হত। তবে সে প্রসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, “শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করবেন না।”

Leave a Comment