অনন্যা সরকার, কলকাতা: এই ভরা বর্ষায় ইলিশ (Ilish) মাছ বাঙালির পাতে পড়বে না, তাও কি হয়। বাজারে এখন নানা দরের, নানা মাপের ইলিশের ছড়াছড়ি। শুরুতে যোগানের অভাব ছিল, তবে এখন মৎস্যজীবীরা ভাগীরথীতেও পেয়েছেন ইলিশের সন্ধান। এখন নদীর রূপোলি শস্যের স্বাদে মজেছে আট থেকে আশি। সরষে দিয়ে ভাপা হোক বা বেগুন দিয়ে ঝোল – ইলিশপ্রেমীদের না নেই কিছুতেই। আর বাড়তি পাওয়া হয় ইলিশের ডিম। কিন্তু বাজারে গিয়ে ডিমওয়ালা ইলিশ কি করে চিনে নেবে? আছে সহজ উপায়। চলুন জেনে নেওয়া যাক।
ডিম ভর্তি ইলিশ চেনার উপায়
যদি ডিম থাকে তাহলে পেট মোটা হয় ইলিশের। আর গড়ন হয় চ্যাপ্টা। ডিমওয়ালা মাছ পরীক্ষার জন্য পেট টিপে দেখাই অন্যতম পদ্ধতি। পেট টেপার ফলে পায়ুছিদ্র দিয়ে ডিম বেরিয়ে আসতে দেখলেই বুঝবেন সেই ইলিশে ডিম ভর্তি। ডিম না থাকা মাসের পেট ঢিলে ও আলগা থাকে। তাই সহজ পরীক্ষা করেই আপনারা পছন্দের ইলিশটি বাড়ি নিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: নতুন শিয়ার জোনের প্রভাবে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া
তবে ডিমওয়ালা মাছ পাওয়ারও একটি নির্দিষ্ট সময় রয়েছে। এই সময় ছাড়া ডিম ভর্তি মাছ পাওয়া দুষ্কর। ইলিশের ডিম পাড়ার ভরা মরশুম হচ্ছে অগাস্ট মাস। তাই এই সময় ধরা মাছগুলির পেটে ডিম থাকার সম্ভাবনা হয় বেশি। মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত বাজারে থাকে ডিমওয়ালা ইলিশ।
আরও পড়ুন: বাংলার নদীতে ইলিশের দেখা, হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে
তবে শুধু ডিম দেখে ইলিশ কিনলেই চলবে না। মাছটি টাটকা কিনা সেটাও দেখা জরুরী। টাটকা মাছ আর বরফে জমানো মাছের স্বাদে থাকে বিস্তর তফাৎ। ‘কাঁচা’ বা টাটকা ইলিশ চেনার জন্য প্রধমেই দেখতে হবে এর চোখ। যদি স্বচ্ছ, পরিষ্কার চোখ হয়, কোনো ঘোলাটে ভাব না থাকে তাহলে বুঝবেন মাছটি টাটকা। তাজা ইলিশের শরীর হয় টানটান ও শক্ত। হাতে ধরলে লেজ ও মাথা ঝুলে পড়লে বুঝবেন সেটা বাসি। টাটকা ইলিশের গায়ে চকচকে রূপোলি ভাবের সাথে হালকা গোলাপি আভাও দেখতে পাওয়া যায়। এই লক্ষণগুলি ভালোভাবে পরখ করে বাড়ি নিয়ে যান সেরা ইলিশটি।