অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় রেলওয়ের (Indian Railways) জরুরি ট্রেন টিকিট বুকিং ব্যবস্থাকে বলে তৎকাল। কিন্তু তৎকালে টিকিট বুক (Tatkal Ticket Booking) করা যেন একটা বিশাল ঝক্কি। এর বুকিং শুরু হলেই মুহূর্তের মধ্যেই সব সিট ভরে হয়ে যায়, ফলে অনেক রেলযাত্রীকেই ওয়েটিং লিস্ট বা বুকিং ফেলিওরের সম্মুখীন হতে হয়। তবে কয়েকটি পদ্ধতি জানা থাকলে তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে। আইআরসিটিসি (IRCTC) এখন তৎকাল বুকিং প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজতর করে তোলার জন্য কয়েকটি নতুন ফিচার যোগ করেছে তাদের ওয়েবসাইটে। আসুন এগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
১. নো ক্যাপচা ফিচার
নতুন আইআরসিটিসি ওয়েবসাইটের সবচেয়ে বড় পরিবর্তন হল এর নো ক্যাপচা বৈশিষ্ট্যটি। আগে তৎকাল টিকিট বুক করার সময় পেমেন্ট পেজে যাওয়ার আগে গ্রাহকদের একটি ক্যাপচা কোড ফিল করতে হতো। এই প্রক্রিয়াটি করতে কয়েক সেকেন্ড সময় লাগত। কিন্তু তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ডেরও মূল্য রয়েছে, তাই ক্যাপচা লিখতে গিয়ে প্রায়শই টিকিট হাতছাড়া হয়ে যেত যাত্রীদের। এই কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ নতুন ওয়েবসাইট থেকে ক্যাপচা তুলে নিয়েছে। ফলে গ্রাহকরা সময় নষ্ট না করেই সরাসরি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন।
আরও পড়ুন: মুর্শিদাবাদের সেই ঘাতক গেট নিয়ে সিদ্ধান্ত, রাজ্য সরকারকে বড় প্রস্তাব রেলের
২. যাত্রীর বিবরণ আগে থেকে সেভ করার অপশন আরও উন্নত
নতুন আইআরসাইটিসি ওয়েবসাইটে ‘সেভড প্যাসেঞ্জার ডিটেইলস’ (Saved Passenger Details) ফিচারটি আরও উন্নত করা হয়েছে। এখন থেকে যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ, বার্থ চয়েস এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি আগে থেকেই সেভ করে রাখা যাবে। তৎকাল বুকিং চালু হলে বারবার একই তথ্য টাইপ করার দরকার পড়বে না। খালি একটি সেভড প্রোফাইল সিলেক্ট করলেই এক ক্লিকে বুকিং শেষ। এর ফলে সময় বাঁচবে ও বুকিং পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে।
৩. ফেয়ার ক্যালেন্ডার আরও সহজ করবে ভাড়ার গণনা
আইআরসাইটিসি-এর নতুন ওয়েবসাইটে একটি ফেয়ার ক্যালেন্ডার (Fare Calendar) যোগ করা হয়েছে। এর সাহায্য ইউজাররা একটি জায়গায় বিভিন্ন তারিখের ভাড়া দেখতে পারেন। কোনো নির্দিষ্ট দিনে টিকিটের দাম বেশি হলে বা সিট খালি না থাকলে, তারা দ্রুত আরেকটি তারিখ বেছে নিতে পারবেন। এতে বারবার সার্চ করার দরকার পড়বে না এবং সঠিক ট্রেন বেছে নেওয়াও আরও সহজ হবে।
আরও পড়ুন: গতি বাড়বে ট্রেনের, বাঁচবে সময়! ৩০০টি স্টপেজ তুলে নেওয়ার সিদ্ধান্ত রেলের
৪. এক স্ক্রিনেই সব শ্রেণির সিট দেখার উপায়
নতুন ওয়েবসাইটটি এখন স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, চেয়ার কার এবং বাকি সব শ্রেণীতে উপলব্ধ আসন একটি স্ক্রিনেই দেখাবে। আগে এই সুযোগ ছিল না, তখন বিভিন্ন শ্রেণীর আসন দেখার জন্য বারবার অন্য পেজে যেতে হতো, যা সময় নষ্টের একটি বড় কারণ। এই ফিচারের মাধ্যমে যাত্রীরা দ্রুত জানতে পারবেন কোন শ্রেণীতে কোন আসন ফাঁকা রয়েছে, যার ফলে বুকিং করা আরও সহজ হয়ে উঠবে।
৫. আরও দ্রুত হল নতুন রিজার্ভেশন ইঞ্জিন
আইআরসিটিসি তাদের রিজার্ভেশন সিস্টেমকে আরও উন্নত করেছে। নতুন ইঞ্জিনটি প্রতি মিনিটে দেড় লক্ষেরও বেশি টিকিট বুকিংয়ের রিকোয়েস্ট সামলাতে পারে বলে জানা গেছে। এর দ্বারা ওয়েবসাইটে অতিরিক্ত ট্র্যাফিকের থাকাকালীন ওয়েবসাইট স্লো হয়ে যাওয়া, হ্যাং করা বা অন্যান্য সিস্টেম এররগুলি দূর হবে।
এছাড়া, বুকিং করার সময় ইউপিআই (UPI) নাকি কার্ড – কোন পদ্ধতিতে পেমেন্ট করবেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন। সম্ভব হলে, দ্রুত পেমেন্ট সম্পন্ন করার জন্য ইউপিআই অ্যাপটি খুলে রাখুন কিংবা ই-ওয়ালেটও (e-Wallet) ব্যবহার করতে পারেন।