মেয়ের বিয়েতে খরচ ১০০ কোটি, দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি, কে এই টুলু মণ্ডল?

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে সবচেয়ে চর্চিত বিষয় হল অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁকে ঘিরে কোটি কোটি টাকার নগদ অর্থ ও বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় বর্তমানে তোলপাড় গোটা রাজ্য। শুধু তাই নয়, পুলিশের তদন্তে বীরভূমে (Birbhum) তার এক আত্মীয়ের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রায় ১৫ কেজি সোনা এবং বস্তাবন্দি বিপুল পরিমাণ নগদ টাকা। এদিকে এই টুলু মণ্ডল ১৫০ কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিলেন, যা নিয়ে কম সমালোচনা হয়নি। এমনকি বিয়েতে হাজির ছিল বলিউড-টলিউডের একঝাঁক তারকা। যার ফলে প্রশ্ন উঠছে যে কি এমন প্রভাবশালী ব্যবসায়ী উনি যে এত সাম্রাজ্যের মালিক।

মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজন

২০২৪ সালের ডিসেম্বরে টুলু মণ্ডলের (Tulu Mondal) মেয়ের বিয়েতে খরচ হয়েছিল মোটের ওপর প্রায় ১০০ কোটি টাকা। সিউড়িতে বসেছিল মেয়ের বিয়ের আসর। আর সেই আসর জমিয়ে ছিল বলিউড থেকে টলিউড। অতিথির তালিকায় ছিলেন, অঙ্কুশ হাজরা, দর্শনা বণিক, আরবাজ খান, জারিন খান, আফতাবের মতো অভিনেতারা। যা দেখে চোখ কপালে উঠেছিল এক শ্রেণির। এমতাবস্থায় তদন্তের আওতায় এসেছে মেয়ের রাজকীয় বিয়ের আয়োজনও। এদিকে বীরভূমে তাঁরই ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডল প্রায় ৫০ কোটির সম্পত্তি উদ্ধারে গ্রেফতার হয়েছেন। আর তারপরই বিস্ফোরক দাবি করেন মিনারের স্ত্রী। তিনি জানান, ‘এই টাকা আমাদের নয়। টুলু মণ্ডল নিজে এসে এই ব্যাগ রেখে যান। এবং জানিয়েছিল যে এই ব্যাগে দরকারি কাগজপত্র আছে।’ যদিও এখন বেপাত্তা সে।

দিনমজুর হিসেবে জীবন শুরু করেছিলেন টুলু

বীরভূমের মহম্মদবাজার ব্লক পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ব্যাসল্ট পাথর উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে আসছে। পাঁচামি-সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর খনি ও ক্রাশার ইউনিট। এখানকার স্টোনচিপ পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং বাংলাদেশেও সরবরাহ হয়। আর সেখানেই নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর। যার মধ্যে অন্যতম হলেন, টুলু মণ্ডল। যদিও শুরু থেকেই তিনি প্রভাবশালী ছিলেন না। তিনি আগে পাথর খাদান এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন। পরে পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে ঠিকাদারি শুরু করেন। ধীরে ধীরে নিজের টাকায় লরি কিনে এবং পাথর পরিবহণের মাধ্যমে এই রাজকীয় ব্যবসায় প্রবেশ করেন।

আরও পড়ুন: ‘২৫ আগস্টের মধ্যে’ NEET মিছিলে সাংবাদিকদের হামলা নিয়ে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুধু পরিবহণ নয়, পাথর শিল্পের বিভিন্ন স্তরে তাঁর প্রভাব বাড়তে থাকে তা নয়, রাজনৈতিক মহলেও টুলু মণ্ডলকে নিয়ে নানা চর্চা করা হয়। বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে তাঁর নাম সামনে এসেছে। ২০২২ সালে একটি খুনের মামলায় তাঁকে গ্রেফতারও করেছিল বীরভূম পুলিস। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক লেনদেন, পাথর ব্যবসা এবং অন্যান্য অভিযোগ নিয়েও তদন্ত হয়েছে। এমনকি গোরুপাচার মামলাতেও তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর এবার এই কোটি কোটি সম্পদ উদ্ধার নিয়ে নতুন করে শুরু হল সমালোচনা।

Leave a Comment