মমতার পর এবার হালিশহরে শুভেন্দু, দেখা করবেন মৃতের পরিবারের সঙ্গে

প্রীতি পোদ্দার, কলকাতা: মমতার পর এবার হালিশহরে মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের বাড়িতে আজই যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিশেষ সূত্রে জানা গিয়েছে বেলা সাড়ে ১০ টা নাগাদ মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পরেই হালিশহর (Halisahar) থানায়ও যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এদিকে, গতকাল, রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গাড়ির উপর হামলা করার প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে কালীঘাট তৃণমূল। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি রয়েছে মমতা শিবিরের। বিধানসভাতেও চলবে সেই প্রতিবাদ।

মৃতের বাড়িতে যেতে পারেন শুভেন্দু অধিকারী

জানা গিয়েছে, গত শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিরজু কেওটকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের দাবি, প্রথমে তিনি সুস্থই ছিলেন, তাঁর স্ত্রী জেনি শর্মা কেওট-ও দেখা করেছিলেন। কিন্তু হালিশহর থানার পুলিশের দাবি, শুক্রবার ভোররাতে ওই যুবককে অসুস্থ অবস্থায় লকআপে পড়ে থাকতে দেখা যায়। এবং হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও পরিবারের অভিযোগ, লকআপে পুলিশের মারেই বিরজুর মৃত্যু হয়। কিন্তু পুলিশের তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবার সেই ঘটনার তদারকি করতে আজই হালিশহরে যেতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মমতাকে হেনস্তা করা নিয়ে ক্ষুব্ধ রাজনৈতিক মহল

গতকাল, রবিবার, মমতা বন্দ্যোপাধ্যায় ওই তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার জন্য হালিশহরে গিয়েছিলেন কিন্তু সেখানে ঢুকতেই প্রবল বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছিল। মমতার গাড়ি লক্ষ্য করে কাদা জুতো ছুঁড়তে দেখা গিয়েছিল। এমনকি পিছন থেকে ‘চোর, চোর’ স্লোগান তোলেন এলাকার বাসিন্দাদের একাংশ। যা নিয়ে তীব্র সমালোচনা করেছেন একাংশ। এমনকি এই ঘটনায় বেজায় বিরক্ত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বললেন, “এটা বাংলার সংস্কৃতি নয়।” তবে ঘটনার সঙ্গে বিজেপির যোগ নেই বলেও দাবি করেছেন শমীক। অন্যদিকে একই সুর শোনা গিয়েছে বাম নেতা তথা আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গলায়।

আরও পড়ুন: ‘প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিৎ’ হালিশহর হামলা কাণ্ডে মমতার পাশে বিকাশরঞ্জন

সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এইরূপ হামলায় আজ প্রতিবাদ মিছিল করতে চলেছেন কালীঘাটের তৃণমূল। গতকাল, সোশ্যাল মিডিয়ায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ লিখেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সোমবার দুপুর দুটোয় রাজ্য বিধানসভা ভবনে তৃণমূল বিধায়করা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন। অন্যদিকে আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, “অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। মমতাদি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর গাড়িতে হামলা চালানো বিজেপি দুষ্কৃতীদের ঔদ্ধত্য দেখুন।”

Leave a Comment