সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম, দীর্ঘদিন ধরেই আর্জি জানিয়ে আসছেন তিনি। তবে এবার সর্বোচ্চ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়ে দিলেন, তিন সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। তাঁর বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা রাখা যাবে না। এমনকি কোনও বাধা দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। ফলে চোখের চিকিৎসার ক্ষেত্রে আপাতত স্বস্তি মিলল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
বিদেশ যাত্রার অনুমতি পেলেন অভিষেক
তৃণমূলের ভরাডুবির পর থেকেই একাধিক থানায় বিভিন্ন অভিযোগে এফআইআর দায়ের হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি কয়েকটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেও বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, যদি একান্তই বিদেশে চোখের চিকিৎসার প্রয়োজন পড়ে, তাহলে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে আগে বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে দেখাতে হবে। তারপর সেখানকার রিপোর্ট আদালতে জমা দিলে, যদি ডাক্তার মনে করে যে বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে আদালত পর্যবেক্ষণ করবে।
তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীর দাবী ছিল, দীর্ঘদিন ধরেই বিদেশে চোখের চিকিৎসা করিয়ে আসছেন তাঁর মক্কেল। তবে গত সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, এবং ভি মোহনার বেঞ্চ এই মামলাটি ফের হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তবে হাইকোর্ট অভিষেকের বিদেশ যাত্রার মামলা খারিজ করে। এরপর পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের যুবরাজ।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে উত্তপ্ত রাঁচি, বিধানসভা ঘেরাও বিক্ষোভকারীদের, জলকামান ছুঁড়ছে পুলিশ
এমনকি রাজ্য সরকার নিজেই অভিষেকের বিদেশ যাত্রার ক্ষেত্রে আপত্তি জানায়। কারণ, বর্তমানে সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। সেই অবস্থায় তাঁকে বিদেশ যাত্রার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে। তবে এদিন সুপ্রিম কোর্ট সমস্ত দিক বিবেচনা করে তিন সপ্তাহের জন্য তৃণমূল সাংসদকে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে। এমনকি বিচারপতির পর্যবেক্ষণ, মামলা রয়েছে বলেই চিকিৎসা করাতে যেতে বাধা দেওয়া যায় না।