অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী দীপক ধরকে পরিসংখ্যানিক বলবিদ্যায় (statistical mechanics) তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স’ (ICTP) কর্তৃক ২০২৬ সালের ‘ডিরাক মেডেল’ (Dirac Medal)-এ ভূষিত করা হয়েছে। ‘ইনসা’ (INSA)-এর এই বিশিষ্ট অধ্যাপক পরিসংখ্যানিক পদার্থবিদ্যা ও স্টোকাস্টিক প্রসেস (stochastic processes) বিষয়ক গবেষণার জন্য সুপরিচিত। তাত্ত্বিক পদার্থবিদ্যায় বিশেষ অবদান রাখার জন্য এবছর যে চারজন পদার্থবিজ্ঞানীকে স্বীকৃতিস্বরূপ ডিরাক মেডলের জন্য নির্বাচিত করা হয়েছে, দীপক ধর তাঁদের মধ্যে অন্যতম।
‘ডিরাক মেডেল’ পেলেন ভারতের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী দীপক ধর
আইসিটিপি (ICTP) জানিয়েছে যে, দীপক ধরের গবেষণা বিজ্ঞানীদের এটা বুঝতে সাহায্য করেছে যে, কোনো ব্যবস্থার ক্ষুদ্র অংশগুলোর মধ্যকার সাধারণ মিথস্ক্রিয়ার ফলে কীভাবে সেই ব্যবস্থাটি বিশাল আকার ধারণ করার সময় জটিল আচরণের সৃষ্টি করতে পারে। তাঁর অন্যতম উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে ‘স্যান্ডপাইল মডেল’ (sandpile model) নিয়ে করা কাজ। এর মডেলটির মূল ধারণা। বালির স্তূপে যখন নতুন বালুকণা যোগ করা হয়, তখন সেগুলোর বেশিরভাগই কোনো বিশেষ প্রভাব ফেলে না বা সামান্য নড়াচড়া ঘটায়। কিন্তু কখনও কখনও, মাত্র একটি অতিরিক্ত বালুকণা যোগ করার ফলেই পুরো স্তূপটিতে বড় ধরনের ধস নামতে পারে।
আরও পড়ুন: জানেন ভারতের এই স্টেশনে একসময় ঢুকতে গেলে লাগত পাসপোর্ট-ভিসা, কিন্তু কেন?
দীপক ধরের কাজ ব্যাখ্যা করতে সাহায্য করেছিল যে, কেন এই ধরনের সিস্টেমগুলি স্বাভাবিকভাবেই এমন একটি অবস্থায় পৌঁছাতে পারে, যেখানে কখনও কখনও একটি ছোট পরিবর্তনের ফলেও বিশাল বড় ঘটনা ঘটতে পারে। এই একই ধারণা ব্যবহার করা হয় ভূমিকম্প, যানজট এবং আর্থিক বাজারের ওঠানামা সহ বিভিন্ন ধরণের জটিল সিস্টেম অধ্যয়ন করার জন্য।
Prof. Deepak Dhar (INSA Distinguished Professor, @ictstifr) has been awarded the 2026 #DiracMedal by #ICTP, Trieste.
A pioneer in statistical physics, Prof. Dhar’s work on self-organised criticality and the famous sandpile model has transformed how we understand abrupt events in… pic.twitter.com/PItwiqD2CE
— Tata Institute of Fundamental Research (@TIFRScience) August 11, 2026
ডিরাক মেডেল কী?
বিংশ শতাব্দীর অন্যতম শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পি.এ.এম. ডিরাকের স্মরণে ১৯৮৫ সালে প্রথম আইসিটিপি ডিরাক মেডেল দেওয়া শুরু করে। এই পুরস্কারটির মাধ্যমে সেইসব বিজ্ঞানীদেরই স্বীকৃতি দেওয়া হয় যারা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বড় অবদান রেখেছেন। এর আগে স্টিফেন হকিং-এর মতো প্রখ্যাত পদার্থবিজ্ঞানীও ওই সম্মানে ভূষিত হন।
জানিয়ে রাখি, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী দীপক ধর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি (PhD) সম্পন্ন করেছেন এবং মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (TIFR)-এ বেশ কয়েক বছর গবেষণা করেন। এরপর তিনি ২০১৬ সালে পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER)-এ যোগদান করেন। ২০২৪ সাল থেকে তিনি টিআইএফআর-এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্সেস-এ একজন ‘ইনসা ডিস্টিংগুইশড প্রফেসর’ হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন: গাজিপুরের গঙ্গায় জোড়া রুপালী শস্য, কয়েক দশক পর উত্তরপ্রদেশে মিলল ইলিশের দেখা
অধ্যাপক দীপক ধর তাঁর কাজের জন্য ডিরাক মেডেলের আগেও বেশ কয়েকটি বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে ১৯৯১ সালে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, ২০২২ সালে বোল্টজম্যান পদক (যা তিনি জন হপফিল্ডের সাথে যৌথভাবে লাভ করেন) এবং ২০২৩ সালে ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ।
প্রসঙ্গত, ২০২৬ সালে দীপক ধরের পাশাপাশি আরও তিন বিজ্ঞানী ডিরাক মেডেলে ভূষিত হয়েছেন, তারা হলেন হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম-এর নিউরোসায়েন্স ও পদার্থবিদ্যার অধ্যাপক ও হার্ভার্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হাইম সোমপোলিনস্কি, কলেজ দ্য ফ্রান্স-এর অনারারি প্রফেসর বার্নার্ড ডেরিডা এবং বোকোনি ইউনিভার্সিটির তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক মার্ক মেজার্ড।