জুয়ার ঠেকে অভিযান চালাতেই বোমাবাজি, মুর্শিদাবাদে রক্তাক্ত ASI

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বদলের বাংলায় রক্তাক্ত আইন রক্ষক পুলিশ। মুর্শিদাবাদে (Murshidabad) জুয়ার ঠেকে অভিযান চালানোর সময় পুলিশের উপর বোমা হামলার (Bomb Attack On Police) অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, সেই ঘটনায় আহত এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে ইতিমধ্যেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বোমার আঘাতে গুরুতর রক্তাক্ত ASI

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার রাতে মুর্শিদাবাদে সালার থানার অধীনস্ত খরেরা গ্রামে একটি জুয়ার আসর বসার গোপন তথ্য পৌঁছয় অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর সাদেকুল আলির কাছে। এরপরই দেরি না করে তড়িঘড়ি ওই জুয়ার ঠেকে অভিযান চালায় পুলিশের একটি দল। কিন্তু পুলিশ পৌঁছতেই তাদের লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে সমাজবিরোধীরা। আর সেই বোমার আঘাতেই গুরুতর রক্তাক্ত হন ASI সাদেকুল আলি। আপাতত তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শরীরিক অবস্থার উপর নজর রাখছে প্রশাসন।

ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

সূত্রের খবর, বোমা বিস্ফোরণে ঘটনায় রাতেই মুর্শিদাবাদে জেলার পদস্থ পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছিল। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কিছুজনকে আটক করাও হয়েছে। এছাড়া পুলিশ তদন্ত করে দেখছে কাদের মদতে এই জুয়ার ঠেক চলছে। এদিকে এই ঘটনার পর আজ সকালেও খরেরা গ্রামে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: “টিচারদের জন্য নতুন বিজ্ঞপ্তি আসছে” TET বিভ্রান্তির মাঝে শিক্ষকদের বার্তা শিক্ষামন্ত্রীর

প্রসঙ্গত, কিছুদিন আগেই বেআইনি অস্ত্র উদ্ধার হয় মুর্শিদাবাদে। দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি ম্যাগাজিন ও চারটি কার্তুজ-সহ একজনকে ডোমকল থেকে গ্রেফতার করেছিল পুলিশ। সঙ্গে একটি স্কুটারও বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আজিমগঞ্জ হয়ে মুর্শিদাবাদে আনা হচ্ছিল। এত বিপুল পরিমাণ অস্ত্র কোথায় সরবরাহ করা হচ্ছিল এবং এর পিছনে কোনও চক্র কাজ করছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Comment