ফিরবে রাস্তার হাল, বাংলার সড়ক উন্নয়নে ১০৪২ কোটির অনুমোদন কেন্দ্রের, দেখুন তালিকা

সৌভিক মুখার্জী, কলকাতা: ডাবল ইঞ্জিন সরকারের আওতায় হবে ঝড়ের গতিতে উন্নয়ন। রাজ্যের সড়ক ব্যবস্থার হাল ফেরাতে এবার বিরাট উদ্যোগ নিল কেন্দ্র সরকার। এমনিতেই নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করেই কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিনের সুবিধা পাবে বাঙালি। সেই সূত্রে এবার রাজ্যের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে মোটা অংকের টাকা আর্থিক বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার (Government of India)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিজেই এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন।

রাজ্যের সড়ক উন্নয়নে মোটা অংকের টাকা বরাদ্দ কেন্দ্রের

পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়নে এবার মোট ১০৪২.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল বা সিআরআইএফ-র আওতায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্যের ছয়টি সড়ক প্রকল্পের জন্য এই মোটা অংকের টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। এমনকি এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর রাজ্যের পূর্ত দফতরের সচিবকে চিঠি দিয়ে ওই অনুমোদনের কথা জানানো হয়েছে।

ওই চিঠি অনুযায়ী, রাজ্য সরকারের পক্ষ থেকে এই ছয়টি প্রকল্পের জন্য মোট ১১১০.৫৩ কোটি টাকা চাওয়া হয়েছিল। তবে সমস্ত কিছু পর্যালোচনা করার পর ১০৪২.৬২ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আগামী ১০ অক্টোবরের মধ্যেই রাজ্যের সমস্ত বেহাল রাস্তার মেরামতের কাজ শেষ করতে হবে। তালিকায় যে ছয়টি জেলা সড়ক রয়েছে সেগুলি হল—

  • কোচবিহারের চ্যাংড়াবান্ধা-জামালদহ-মাথাভাঙা এবং মাথাভাঙা-কোচবিহার রোডের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯০.২৯ কোটি টাকা।
  • পূর্ব বর্ধমানের মন্তেশ্বর-দাঁইহাট রোডের জন্য বরাদ্দ করা হয়েছে ১৩৯ কোটি টাকা।
  • পূর্ব বর্ধমানের বর্ধমান-কাটোয়া রোডের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫৬.৬৯ কোটি টাকা।
  • পুরুলিয়া রঘুনাথপুর-চণ্ডনকিয়ারি চাস রোডের জন্য বরাদ্দ করা হয়েছে ২২৬.৬৬ কোটি টাকা।
  • উত্তর ২৪ পরগনার বিষ্ণুপুর-বেলিয়াঘাটা রোডের জন্য বরাদ্দ করা হয়েছে ১৪৮.০৮ কোটি টাকা।
  • হুগলির মগরা-সুলতানগাছা এবং সুলতানগাছা-খানপুর-দশঘড়া রোডের জন্য বরাদ্দ করা হয়েছে ১২১.৮৯ কোটি টাকা।

আরও পড়ুন: মিলবে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বুলডোজার অ্যাকশনে কড়া নির্দেশ হাইকোর্টের

কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সড়ক উন্নয়নের জন্য এই বিপুল পরিমাণ আর্থিক সহায়তা বরাদ্দ করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Comment