৩২-এই অবসর মোহনবাগান প্রাক্তনীর, কেন ফুটবল ছাড়লেন প্রবীর দাস?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স মাত্র 32। আর এই বয়সেই ফুটবলকে বিদায় জানালেন মোহনবাগান (Mohun Bagan Super Giant) সহ ভারতের একাধিক ক্লাবের হয়ে খেলা সোদপুরের ছেলে প্রবীর দাস (Prabir Das)। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অবসরের কথা জানিয়েছেন তিনি। ঠিক কোন কারণে পছন্দের খেলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, সেটাও খোলসা করেছেন মোহনবাগান প্রাক্তনী। কিন্তু তা সত্বেও এত অল্প বয়সে বাঙালি ফুটবলারের অবসর গ্রহণ কিছুতেই মেনে নিতে পারছেন না ময়দানের ফুটবল ভক্তরা।

কেন অবসর নিলেন প্রবীর দাস?

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বড় করে অবসরের ঘোষণা করেছেন প্রবীর। মোহনবাগানের প্রাক্তন সাইডব্যাক যতগুলি দলে খেলেছিলেন প্রত্যেকটি দলের ছবি দিয়ে নিজের ফুটবল ছাড়ার কথা জানিয়েছেন। প্রবীর লিখেছেন, “বর্তমান অনুভূতি ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। সমস্ত ফুটবলারই জানে এই দিনটা আসবে। কিন্তু তৈরি ছিলাম না। ফুটবল আমার জীবন। এর জন্য একটা সময় বাড়ি ছেড়েছিলাম। ফিরেছিলাম মোহনবাগানে। সবাই জানে মোহনবাগান আমার কাছে মায়ের সমান। প্রত্যেক সমর্থকের ভালবাসা আমার কাছে সম্পদ হয়ে থাকবে।”

কিন্তু কেন ফুটবল ছাড়লেন প্রবীর? বাঙালি ফুটবলার জানান, “কেরালার হয়ে প্রাক মরসুম শুরু করার পর থেকেই অনুভব করছিলাম শরীরের বাদিকটা অসাড় হয়ে যাচ্ছে। বুঝে গিয়েছিলাম গুরুতর স্নায়ু রোগে ভুগছি। এরপর থেকে আমার লড়াইটা শুধুমাত্র মাঠে ফেরার ছিল না, ছিল নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। আমার স্ত্রী গীতশ্রী আমার পাশে ছিল। তাই শেষ পর্যন্ত মাঠে ফিরতে পেরেছিলাম। এখন অবসর নিচ্ছি ঠিকই তবে ফুটবলকে বিদায় জানাচ্ছি না। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, আমি চেষ্টা করব যতটা ফিরিয়ে দেওয়া যায়।”

 

আরও পড়ুন: স্ত্রীয়ের জন্য বাবার সাথে সম্পর্ক শেষ করেছেন টিম ইন্ডিয়ার সুপারস্টার! নাম দেখে নিন

উল্লেখ্য, সেইল অ্যাকাডেমির হাত ধরে ফুটবলে যাত্রার শুভ সূচনাটা করেছিলেন প্রবীর দাস। পরবর্তীতে 2012 সালে পৈলান অ্যারোজে সই করেছিলেন তিনি। এছাড়াও মোহনবাগানে জায়গা করে নিয়েছিলেন তিন বছরের জন্য। আর সবুজ মেরুণে সই করতেই ভক্তদের প্রিয় ফুটবলার হয়ে উঠেছিলেন প্রবীর দাস। দলের হয়ে আই লিগ ও ফেডারেশন কাপ জেতেন তিনি। এছাড়াও পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে গোয়া থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি, ATK, মুম্বই সিটি এফসি ও কেরালা ব্লাস্টার্সের মতো দলে দাপিয়ে ফুটবল খেলেছেন প্রবীর।

Leave a Comment