সহেলি মিত্র, কলকাতা: সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। পুজোর আগে এরকম গরম জাস্ট নিতে পারছেন না অনেকে। তবে চিন্তা নেই, মুহূর্তের মধ্যে বদলে যাবে আবহাওয়া (Weather Update)। গুমোট গরমের মাঝেই দুপুর থেকে বিকেলের মধ্যে মুষলধারে বৃষ্টি (Rainfall Alert) সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলায়। কোথাও বিক্ষিপ্ত তো কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে খবর। আপনিও যদি বাড়ির বাইরে থেকে থাকেন কিংবা বিকেলে বা অফিস শেষে পুজোর শপিং করবেন বলে ভেবে থাকেন, তার আগে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।
দুপুর থেকে বিকেলের মধ্যে ঝেঁপে বৃষ্টি নামতে পারে বাংলায়
জানা গিয়েছে, নিম্নচাপের (Low Pressure) প্রভাবে শনিবার কিছুক্ষণের মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, রবিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ফসল বীমা নিয়ে বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী
দুপুর থেকে রাতের মধ্যেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।IMD কলকাতার তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি, সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। বর্তমানে একটি প্রধান অক্ষরেখা গুজরাটের সৌরাষ্ট্র থেকে রাঁচি ও দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অতিরিক্ত হিসেবে, সিকিম থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত অপর একটি অক্ষরেখা উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অতিক্রম করায় আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে জেনে নেওয়া যাক। মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ শনিবার উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপের এলাকা তৈরি হতে পারে। তারপরে এটি আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে নিয়ে যাবে।