সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে ডিম, টমেটো এবং মদ প্রদর্শনের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা (BJP Leader Arrested)। ঘটনা পাঞ্জাবের। বিধানসভা নির্বাচনের আগে উত্তেজিত রাজ্যের রাজনীতি। তবে এদিন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু ডিম, টমেটো এবং মদ নিয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের গাড়ির কনভয়ের সামনে প্রতিবাদ জানান। এমনকি তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ডিম, মদ এবং টমেটো ছোড়ার চেষ্টা করেন। সেই অভিযোগেই পাঞ্জাব পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে।
মুখ্যমন্ত্রীকে ডিম প্রদর্শনের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
এদিন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পৌঁছনোর পর সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ‘আপ’কে তীব্র আক্রমণ করে বসেন। এমনকি ডিম, টমেটো এবং মদের বোতল হাতে নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, ভগবন্ত মান যেন তাঁর আনা মদ খেয়ে দেখেন। তাঁর উচিত, পাঞ্জাবের দায়িত্ব আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল হাতে তুলে দেওয়া। উনি মুখ্যমন্ত্রী হিসাবে যোগ্য নন। এরপর তিনি তাঁর কর্মীদের সঙ্গে পাঞ্জাব কৃষি বিদ্যালয়ে হাজির হন। সেখান থেকেই রাজ্য পুলিশ তাঁকে আটক করে।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর প্রাক্তন শাসক দলের নেতা ও কর্মীদের উপর একের পর এক ডিম ছোড়ার ঘটনা সামনে আসছে। এবার বাংলার সেই ডিম ছোড়ার রাজনীতির চিত্র ধরা দিল আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবেও। এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পাঞ্জাবের আম আদমি পার্টির কর্মীদের মতো তিনিও মুখ্যমন্ত্রী মানের গাড়িবহরে হামলা করতে পারতেন। তবে তিনি তা করেননি।
#WATCH | Ludhiana, Punjab: Former Union Minister and BJP leader Ravneet Singh Bittu was detained by Punjab Police today after he protested near the Punjab Agricultural University (PAU) gate when Chief Minister Bhagwant Mann’s cavalcade was passing through the area.
(Source:… pic.twitter.com/OCmHrax3Du
— ANI (@ANI) September 19, 2026
আরও পড়ুন: এক বছর ধরে করছিলেন চাকরি, নৌসেনার অ্যাকাডেমি থেকে গ্রেফতার বাংলাদেশি
তাঁর কথায়, “আমিও একইভাবে হামলা করতে পারতাম। কিন্তু বিজেপির রাজনীতি এতটা নিচে নামতে পারে না।” পাশাপাশি এই ঘটনায় এফআইআর দায়ের হওয়ার খবর শুনে বিট্টু বলেন যে, এই প্রতিবাদের জন্য যদি তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়, তাহলে তাঁর গাড়ির বহরে হামলা চালানো আম আদমি পার্টির কর্মীদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। বিজেপির অভিযোগ, আম আদমি পার্টির কর্মীরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিট্টুর গাড়ির কনভয়েও ডিম এবং টমেটো ছুড়ে মারে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।