বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করেও সুর বদল করলেন সুমিত রায় (Sumit Roy)। মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেও সেখান থেকে সরে এসে এবার অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সুমিত। তাঁর দাবি, অভিষেক নন বরং তৃণমূলের এক সময়কার কোষাধ্যক্ষ অরূপের নির্দেশেই দলের অ্যাকাউন্টে জমা করা হয়েছিল টাকা। এই তথ্য জানিয়েছেন সুমিতের আইনজীবী অগ্নিশ বসু।
নয়া বয়ান সুমিত রায়ের
এর আগে সম্প্রতি জানা গিয়েছিল, CID হেফাজতে থাকাকালীন এক জবানবন্দিতে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় নাকি জানিয়ে দিয়েছিলেন, তিনি যা যা করেছেন সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সেই খবর প্রকাশ্যে আসতেই বেড়েছিল রাজনৈতিক তরজা। মুখ খুলে ছিলেন অনেকেই। চাপে পড়ে গিয়েছিল মমতা তৃণমূল। বিরোধীদের অনেকেই কটাক্ষ করে বলেছিলেন, “শেষমেষ ফেঁসে গেলেন তো অভিষেক!” এসবের মাঝেই নিজের বয়ান বদল করলেন সুমিত রায়।
রবিবার, ভবানীভবনে CID দপ্তরে সুমিতের সাথে দেখা করতে গিয়েছিলেন তাঁর আইনজীবী অগ্নিশ বসু। সেখান থেকে বেরিয়ে ক্যামেরার মুখোমুখি হয়েই তিনি খোলাখুলি জানিয়ে দিলেন, তিনি তাঁর মক্কেলকে জিজ্ঞেস করেছিলেন CID এর কাছে তিনি ঠিক কী জানান? উত্তরে নাকি সুমিত রায় বলেন, দলের অর্থনৈতিক দিকটা দেখে কোষাধক্ষ্য। 2020 সালের পর থেকে সেই পদে দায়িত্ব পালন করেছেন অরূপ বিশ্বাস। তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই, টাকা পাঠানো হতো। সব মিলিয়ে বলাই যায়, এবার শালবনি জমি দুর্নীতি কাণ্ডে অভিষেক থেকে সরে অরূপ বিশ্বাসের উপর গেল কেলেঙ্কারির তকমা!
আরও পড়ুন: কাল এশিয়ান গেমসে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান, কখন-কোথায় দেখবেন বৈভবদের ম্যাচ?
উল্লেখ্য, শালবনিতে সরকারি খাস জমি দখল করে তা বিক্রি করার ঘটনায় নাম জড়িয়ে ছিল সুমিত রায়ের। পরবর্তীতে এই ঘটনায় গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে সম্প্রতি সেই মামলায় সুমিতের রক্ষাকবচ তুলে নিয়েছিল দেশের শীর্ষ আদালত। আর সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলেন CID ও পুলিশ আধিকারিকরা। সেখান থেকে গ্রেফতার করা হয় অভিষেকের আপ্ত সহায়ককে।