প্রীতি পোদ্দার, কলকাতা: কেরলে এবার বামপন্থীদের জায়গা দখল করে নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ ABVP (ABVP Defeats SFI)। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে চলা বামপন্থীদের শক্ত ঘাঁটি এইভাবে নড়বড়ে হয়ে যাওয়ায় মাথায় হাত পড়ল SFI-এর। জানা গিয়েছে, ত্রিপুনিথুরা সরকারি সংস্কৃত কলেজের ইউনিয়ন নির্বাচনে (Kerala College Election) বিপুল জয় ছিনিয়ে নিয়েছে ABVP।
বড় জয় ABVP-র
বামপন্থীদের অন্যতম প্রধান শক্তঘাঁটি হিসেবে বরাবরই পরিচিত দক্ষিণ ভারতের কেরল। কিন্তু এবার সেই ঘাঁটিতে একচ্ছত্র আধিপত্য দখল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জানা গিয়েছে, ত্রিপুনিথুরা সরকারি সংস্কৃত কলেজের ইউনিয়ন নির্বাচনে চেয়ারপার্সন পদে জয় লাভ করেছেন স্নিগ্ধা এম হরি এবং ভাইস-চেয়ারপার্সন হয়েছেন আদিত্য টি এ। এছাড়াও ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিগ্নেশ ভাট, ম্যাগাজিন এডিটর পদে বিগ্নেশ ডি এবং আর্টস ক্লাব সেক্রেটারি পদে অঞ্জলি টি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ইউনিয়ন কাউন্সিলর পদে জয়ী হয়েছেন নিবেদ্যা কে এন। দ্বিতীয় বর্ষের ইউজি প্রতিনিধি হয়েছেন শিবানী আর এবং পিজি প্রতিনিধি হিসেবে জিতেছেন অবনী সি বি।
SFI-দের নিয়ে বিশেষ অভিযোগ ABVP-র
দীর্ঘদিন ধরে ত্রিপুনিথুরার এই ঐতিহ্যবাহী সরকারি সংস্কৃত কলেজটি সিপিআইএম-এর ছাত্র সংগঠন SFI-এর অন্যতম দৃঢ় রাজনৈতিক দুর্গ বলে মনে করা হতো কিন্তু এবারের নির্বাচনে বাম সমর্থিত প্যানেলকে একলহমায় উড়িয়ে দিল ABVP। স্থানীয় রাজনীতিতে এই ফলাফলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও এই জয়কে SFI-এর ‘ছাত্র বিরোধী নীতি’-এবং অপশাসনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন বলে দাবি করেছে ABVP। তাদের অভিযোগ, সংস্কৃত ভাষার প্রসারে কোনও উদ্যোগই নেওয়া হয়নি। এবার সেই পরিবর্তন নিয়ে আসতে চলেছে ABVP।
আরও পড়ুন: বাংলায় বিনিয়োগের বড় বার্তা! অ্যান্টিলিয়ায় আম্বানিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ত্রিপুনিথুরা পুরসভায় টানা ৪৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পুরবোর্ডের দখল নিয়েছিল বিজেপি। তখন থেকেই রাজনৈতিক সমীকরণের উলাটপুরান নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছিল। তখনই আশঙ্কা করা হয়েছিল এবার হয়তো বামপন্থীদের শক্ত ঘাঁটি এবিভিপির হাতে চলে যেতে পারে, আর সেটাই এবার বাস্তবায়িত হল চলতি নির্বাচনে। ABVP-দের দাবি, ত্রিপুনিথুরা সরকারি সংস্কৃত কলেজে এই জয় কেরালার অন্য কলেজগুলিতেও ABVP-কে অক্সিজেন জোগাবে।