বাংলাতে তৈরি হবে বুলেট ট্রেন, ঘোষণা টিটাগড় রেল সিস্টেমসের ভাইস চেয়ারম্যানের

সহেলি মিত্র, কলকাতাঃ বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে বিরাট ঘোষণা করলেন টিটাগড় রেল সিস্টেমসের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী (Umesh Chowdhary)। তিনি জানালেন, ভবিষ্যতে বাংলাতেই বুলেট ট্রেন তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। টিটাগড় রেল সিস্টেমসের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের এহেন দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। তিনি এও জানিয়েছেন, বাংলায় প্রয়োজনীয় জমি না পাওয়ায় দু’বছর আগে একটি বড় শিল্প প্রকল্প তামিলনাড়ুতে নিয়ে যেতে হয়েছিল।

এবার বাংলায় তৈরি হবে বুলেট ট্রেন!

এবার থেকে টিটাগড় রেল সিস্টেমসের (Titagarh Rail Systems) সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানান সংস্থার ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী। ভবিষ্যতে বাংলাতেই বুলেট ট্রেন তৈরির লক্ষ্যও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে ঘোষণা করেন তিনি। কলকাতার টাউন হলে একটি অনুষ্ঠানে বাংলায় শিল্পের সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরে উমেশ চৌধুরী বলেন, ‘জমি এখনও বড় চ্যালেঞ্জ।

তাঁর কথায়, “পুরোপুরি বাংলার জন্য কমিটেড বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও দু’বছর আগে একটি বড় শিল্প তামিলনাড়ুতে নিয়ে যেতে হয়েছে, কারণ এখানে জমির জন্য প্রয়োজনীয় সাপোর্ট পাইনি।” টিটাগড়ের পশ্চিমবঙ্গে সম্প্রসারণের জন্য উত্তরপাড়ায় প্রায় ৪০ একর জমি ৯৯ বছরের লিজে নেওয়ার চুক্তি হয়েছে। সংস্থার নথি অনুযায়ী, বিদ্যমান কারখানার পাশের ওই জমিতে উৎপাদন পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অতীতের জমি-সংক্রান্ত সমস্যার কথা বললেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী উমেশ। মুখ্যমন্ত্রীর সামনে তিনি জানান, “এখন থেকে আমাদের যত সম্প্রসারণ ও বিনিয়োগ হবে, সব বাংলাতেই করব।”

পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের বার্তা

রেল শিল্পে টিটাগড়ের বর্তমান কাজের কথা তুলে ধরে টিটাগড় রেল সিস্টেমসের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জানান, বাংলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে রেল কোচ যাচ্ছে এবং বন্দে ভারত স্লিপার ট্রেন প্রকল্পের সঙ্গেও সংস্থা যুক্ত। এবার আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তিনি বলেন, ‘আপনার আশীর্বাদে আমরা বাংলায় বুলেট ট্রেনও তৈরি করব। এটা আপনার কাছে আমার কমিটমেন্ট। টিটাগড় নামটাই এই বাংলার নাম। আমরা তো বাংলারই।’ তাঁর মতে, একসময় শিল্পক্ষেত্রে বাংলার যে পরিচিতি ছিল, তা মাঝের সময়ে কমলেও রাজ্য ফের সেই জায়গা ফিরে পেতে পারে।

আরও পড়ুনঃ উপনির্বাচনের আগে বাংলায় বড় জয় বিজেপির, হুগলীতে ‘শূন্য’ বিরোধীরা

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিল্প নিয়ে যে বার্তা দিয়েছে, তাতে ব্যবসা সম্প্রসারণে শিল্পমহলের আগ্রহ বেড়েছে বলেও দাবি করেন উমেশ। বিদেশেও পশ্চিমবঙ্গ সম্পর্কে ধারণা বদলাচ্ছে বলে জানান তিনি। জার্মানির একটি বড় রেল শিল্প মেলার প্রসঙ্গ তুলে উমেশ বলেন, সেখানে একাধিক সংস্থা তাঁর সঙ্গে বৈঠক করতে চেয়েছে এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছে। তাঁর কথায়, ‘একটা সময় নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাংলা বিনিয়োগকারীদের ম্যাপে ছিল না। এখন সেটা আসতে শুরু করেছে।’

Leave a Comment