সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চলতি মাসের ১৭ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল অন্নপূর্ণার টাকা। বিগত মাসের তুলনায় ১০ লক্ষ অতিরিক্ত মহিলা এ মাসে সুবিধা পেয়েছেন বলেই জানান মুখ্যমন্ত্রী। তবে তাও অনেকের টাকা ঢোকেনি বলে অভিযোগ। এ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিডিও অফিস বা পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এমনকি মন্ত্রী বা বিধায়কের বাড়িতেও আন্দোলন করতে ছাড়ছেন না তাঁরা। ঘটছে পথ অবরোধের মতো ঘটনাও।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
আজ বর্ধমানে এক জনসভায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনাতে এই জেলায় ২৫ থেকে ৬০, মহিলা-দিদি-বোনরা আবেদন করেছিলেন মোট ১২ লক্ষ ৩৮ হাজার ৭৮১ জন। এর মধ্যে অ্যাপ্রুভ হয়েছে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩২ জন। আন্ডার প্রসেস রয়েছে কয়েকজন। এর পাশাপাশি রিজেক্ট হয়েছে ১,৭৪৫ জন। ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে ১০ হাজার ৭১৪ জন। টোটাল আমাদের ক্রেডিট হয়েছে ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জন।”
পুজোর আগেই বাকিদের অন্নপূর্ণা যোজনা ঢুকবে বলে এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। যাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরা যোগ্য প্রমাণিত হলে প্রত্যেকেই পাবেন টাকা। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাকি যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের পুজোর আগে, বাকিদের টাকা ট্রান্সফার করে দেব। ৯ লক্ষ ৫২ হাজার মহিলা ইতিমধ্যেই টাকা পেয়েছেন। ১৫টি বিধানসভা হিসাব করে দেখুন, গড়ে ৬৫ থেকে ৭০ হাজার করে এক-একটা বিধানসভায় দিদি-বোনেরা পেয়েছেন।”
আরও পড়ুন: সরকারি রেজিস্ট্রেশন ছাড়া মুসলিম বিবাহ নয়, বিল পাস করল রাজ্য সরকার
প্রসঙ্গত, ঠিকমতো ফর্ম পূরণ না করার জন্য অনেকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি প্রথমেই বলা হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকলে মিলবে না অন্নপূর্ণার টাকা। সেই কারণেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে বিলম্ব হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যোগ্য প্রমাণিত হলে পুনরায় ভেরিফিকেশনের পর প্রত্যেকের অ্যাকাউন্টেই দেওয়া হবে ৩০০০ করে। এছাড়া যাঁরা আগের ধাপে আবেদন করতে পারেননি, নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ জনকল্যাণ শিবিরের মাধ্যমে নতুন করে তাঁদের আবেদন গ্রহণ করা হবে বলেও জানিয়েছে নবান্ন।