প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় আপাতত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা নেই। এদিকে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, পাড়ায় পাড়ায় পুজো প্রস্তুতি বেশ তুঙ্গে। কিন্তু তার মাঝেই আবহাওয়া নিয়ে বিরাট বার্তা দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, বর্ষার বিদায়ের মাঝেই ফের আরও এক নিম্নচাপের হদিশ পাওয়া গিয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের (Weather Tomorrow) আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে দক্ষিণ মায়ানমার উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। আশঙ্কা করা হচ্ছে এই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে পৌঁছতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে। অন্যদিকে বিহার থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, সেটি ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। তবে আপাতত নিম্নচাপের কোন প্রভাব বাংলায় পড়ছে না।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। আপাতত চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মাঝেমধ্যে মেঘলা আকাশ দেখা দিলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তার সঙ্গে আগামীকাল ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনাও খুব একটা থাকছে না। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকবে। তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আরও পড়ুন: পুলিশের ডিউটিতে এবার কড়া নজর লালবাজারের, ফাঁকি রুখতে আসছে ‘ডিউটি মিত্র’
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। তবে সেখানে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।