সহেলি মিত্র, কলকাতাঃ আতঙ্কের অপর এক নাম হয়ে উঠেছে যেন Air India-র বিমান। জানা গিয়েছে, এবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান রাজস্থানের জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বুধবার। বিমান হাইজ্যাকের খবর পাওয়ার পর এই জরুরি অবতরণ করা হয়।
হাইজ্যাক আতঙ্কে জরুরি অবতরণ Air India-র বিমানের!
সত্যিই কি হাইজ্যাক হয়েছে? উত্তর হল না। নিরাপত্তা সংস্থাগুলোর তদন্তে এটি একটি গুজব বলে প্রমাণিত হয়েছে। সূত্রের খবর, এদিন সকাল ৯:০৫ মিনিটে আহমেদাবাদ এয়ারপোর্ট ট্র্যাফিক কন্ট্রোল (ATC) এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2030 সম্পর্কে একটি জরুরি সতর্কতা পায়। এরপর বিমানটিকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে এটি জরুরি অবতরণ করে। বিমানটি গতকাল রাত ১০:৪৫ মিনিটে উড্ডয়ন করেছিল।
এদিকে খবর পেয়েই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিমানবন্দরে পৌঁছান। জরুরি অবতরণের কারণে বিমানবন্দরে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষসহ জয়পুর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল, দমকল বাহিনী এবং আরও কয়েকটি দল বিমানবন্দরে এসে পৌঁছায়। রাজস্থান পুলিশের অতিরিক্ত মহাপরিচালকসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও বিমানবন্দরে আসেন। সূত্রের খবর, বিমানটি যখন মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে (এফআইআর) ছিল, তখন পাইলট ‘স্কোয়াক কোড ৭৫০০’ চাপেন। এটি বেআইনি হস্তক্ষেপ বা বিমান ছিনতাই নির্দেশ করে।
আরও পড়ুন: যেতে হবে অফিস, হিন্দুদের দুর্গাপুজোয় সপ্তমীতে কোনও ছুটি দিল না বাংলাদেশ সরকার
আতঙ্কে যাত্রীরা
এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ যাত্রীদের মধ্যে। শোনা যাচ্ছে, বোয়িং ৭৮৭-৯ মডেলের ফ্লাইট এআই২০৩০ জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং নিরাপত্তা পরীক্ষার জন্য সেটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। মালভিয়া নগরের সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল সংবাদ সংস্থা জানিয়েছেন যে, বোমা হামলার হুমকির পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটটির জরুরি অবতরণের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেছে। এরপর বিমানটিকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছে।