সহেলি মিত্র, কলকাতা: ষষ্ঠীর সকালেই শুরু হল তুমুল বিক্ষোভ (Train Disruption)। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, ট্রেনের অস্বাভাবিক দেরিতে চলা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ যাত্রীরা। আজ কামারকুন্ডু (Kamarkundu Station) স্টেশনে বন্দে ভারত আটকে বিক্ষোভ দেখান সকলে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
রেলযাত্রী বিক্ষোভে উত্তাল কামারকুন্ডু
এমনিতে যতই নিত্য নতুন হাইস্পিড, প্রিমিয়াম ট্রেন আসুক না কেন, যাত্রীদের দুটি বিষয় নিয়ে অভিযোগ শেষ হচ্ছে না। এক হল যখন তখন ট্রেন বাতিল করে দেওয়া এবং দ্বিতীয় হল ট্রেন দেরিতে চলা। বারবার অভিযোগ জানালেও সমস্যার সুরাহা হয়নি। এমন বহু ট্রেন রয়েছে যেগুলি নির্ধারিত সময়ের থেকে ব্যাপক দেরিতে চলছে। যার মধ্যে অন্যতম হল আপ ২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। হ্যাঁ, আজ নির্ধারিত সময়ের তুলনায় দীর্ঘ বিলম্বে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে সামিল হন এই ট্রেনের যাত্রীরা।
বড় অভিযোগ যাত্রীদের
যাত্রীদের অভিযোগ, ২২৫০৩ আপ ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের গতকাল দুপুর ২টো ৩৫ মিনিটে পৌঁছনোর কথা থাকলেও ট্রেনটি আসে আজ ভোর ৬টায়। স্বাভাবিকভাবেই ব্যাপক হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। তবে কেউ আর চুপ করে না থেকে ক্ষুব্ধ যাত্রীরা হাওড়া-বর্ধমান কর্ড লাইনের কামারকুন্ডু স্টেশনে ২২৩০৩ আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস আটকে দেন। ট্রেনটি প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে ছিল বলে খবর।
আরও পড়ুনঃ ‘আমরা প্রতিযোগিতায় ভয় পাই না’ আর চুপ নয়! মাস্ককে সপাটে বার্তা মুকেশ আম্বানির রিলায়েন্সের
যদিও পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপরও কিন্তু প্রায় ১ ঘণ্টা বিক্ষোভ চলে বলে খবর। এরপর যাত্রীদের অনেক বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপর ৮.০৪ মিনিটে হাওড়া-গয়া বন্দে ভারত রওনা দেয়। ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘বিবেক এক্সপ্রেস দেরিতে চলছিল। আমাদের জোনে যখন ঢোকে তখনও লেট ছিল। কামারকুন্ডু স্টেশনে যখন ট্রেনটি দাঁড়ায়, তখন যাত্রীরা একটু ক্ষোভ দেখান। এখন ঠিক হয়ে গিয়েছে।’