আনিষা চৌধুরী, কলকাতা: এক একটি সুসজ্জিত পুজো মণ্ডপে ফুটে ওঠে বহু শিল্পীর শিল্পকথা। দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপে প্রতি বছরই অভিনব ভাবনা ও ব্যতিক্রমী সাজসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের নজর কাড়েন ছোট বড় সকল পুজো উদ্যোক্তারা। তবে এবার মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের (Berhampur) একটি দুর্গাপুজোয় দেবী দুর্গার পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মূর্তি বসানোকে কেন্দ্র করে মানুষের মনে এক আলাদাই আগ্রহের সৃষ্টি হয়েছে। খাগড়া শ্মশানঘাটের এই পুজো এবারে ৬১তম বর্ষে পা দিয়েছে। পুজোর থিম ‘ভারত-ভাগ্যবিধাতা’।
মায়ের পাশে পুজোর থালা হাতে প্রধানমন্ত্রী
দুর্গা মূর্তি নয়, এবারের পুজোর অন্যতম আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি। মূর্তিটির হাতে রয়েছে ফুল-সহ পুজোর ডালি, যা মণ্ডপের সাজসজ্জায় আলাদা মাত্রা যোগ করেছে। শুধু মোদির মূর্তিই নয়, গোটা মণ্ডপজুড়েই ফুটিয়ে তোলা হয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয়তাবোধের চেতনা। মণ্ডপের বাইরে স্থান পেয়েছে ভারতমাতার ছবি। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের ছবিও রাখা হয়েছে। সব মিলিয়ে জমে উঠছে ‘ভারত-ভাগ্যবিধাতা’ থিম।
তবে এটাই কিন্তু প্রথম নয়। পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে অনেকেই নিজেদের থিম নির্বাচন করেন। গত বছর অসুরের মুখ তৈরি করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে। আর এবার দেবী দুর্গার পাশে প্রধানমন্ত্রীর মূর্তি বসিয়ে অন্য রকম উপস্থাপনা সামনে এনেছেন উদ্যোক্তারা। ফলে গত বছরের থিমের সঙ্গে এবারের ভাবনার পার্থক্যও দর্শনার্থীদের আগ্রহ বাড়িয়েছে। মণ্ডপসজ্জার এই মূর্তি দুর্গাপুজোর পরিচিত সাংস্কৃতিক আবহে যুক্ত করেছে রাজনৈতিক স্পর্শ।
আরও পড়ুন: ‘তিরঙ্গা ওড়াও’ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বাড়ি থেকে গ্রেফতার অভিজিৎ দীপকে
উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী, দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং মানুষের একসঙ্গে ভালো থাকার ভাবনাকে সামনে রেখেই এবারের থিম সাজানো হয়েছে। সেই ভাবনাকে কেন্দ্র করেই মণ্ডপে দেশাত্মবোধক বিভিন্ন ছবি ও প্রতীক ব্যবহার করা হয়েছে। ফলে বহরমপুরের এই দুর্গাপুজোয় ধর্মীয় আয়োজনের পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের ভাবনাও বিশেষ গুরুত্ব পেয়েছে তা বলাই বাহুল্য।