প্রীতি পোদ্দার, কলকাতা: বিনোদন জগতে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় হিন্দি সিরিয়ালের নায়ক অনুজ ঠাকুর (Anuj Thakur Died)। মাত্র ৩৩ বছর বয়সে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতা (Anuj Thakur) বলিউডের বেশ কিছু মেগাহিট সিরিয়ালে অভিনয় করেছেন, যার মধ্যে অন্যতম ছিল ‘ধুম মাচাও ধুম’ এবং ‘বন্ধন সাথ জন্মোঁ কা’। অনুজের বন্ধু এবং কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন।
ঘুমের ঘোরেই মৃত্যু অভিনেতার
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ডিরেক্টর রূপেশ সোনার জানিয়েছেন, “শুক্রবার রাত প্রায় সাড়ে আটটার দিকে আমাদের এক কমন বন্ধু আমাকে ফোন করে অনুজের মৃত্যুর খবর দেয়। আমি খবরটা বিশ্বাস করতে পারছিলাম না, কারণ ওর সাথে আমার দেখা হয়েছিল মাত্র ১০ দিন আগে। এই খবর শুনে আমি হতবাক হয়ে যাই। আমাকে বলা হয়েছিল যে ও রাতে ঘুমাতে গিয়েছিল এবং আর জাগেনি। ঠিক কী ঘটেছিল তা আমি বুঝতে পারছিলাম না।” যদিও পড়ে রূপেশ নিজেই দাবি করেছিলেন যে অনুজ খিঁচুনিতে ভুগছিল, যার ফলে তাঁর মৃত্যু হয়।
শোকাহত ডিরেক্টর রূপেশ
গত শনিবার ডিরেক্টর রূপেশ সোনার অনুজ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেছিলেন। যেখানে অভিনেতার ছবি দিয়ে তিনি লিখেছিলেন যে, “বিশ্বাসই হচ্ছে না যে তুমি আর আমাদের মাঝে নেই। তুমি শুধু বন্ধু ছিলে না, আমার কাছে ছোট ভাইয়ের মতো ছিলে। আমাদের একসঙ্গে অনেক কিছু করার পরিকল্পনা ছিল, ইন্ডাস্ট্রিতে তোমার সংগ্রাম আমার এখনো মনে পড়ে। জীবন সত্যিই অনিশ্চিত। তুমি এত তাড়াতাড়ি চলে গেছ এটা মেনে নেওয়া হৃদয়বিদারক। এই খবরটা যেন অবাস্তব মনে হচ্ছে। ভাই, তোমাকে সবাই সবসময় মনে রাখবে। শান্তিতে ঘুমাও।”
আরও পড়ুন: ক্লাসে ঢুকে ছাত্রীদের ওপর করাত দিয়ে হামলা, মূল অভিযুক্তকে এনকাউন্টার করল পুলিশ
ডিরেক্টর রূপেশ অনুজের মৃত্যু সম্পর্কে একটি সাক্ষাৎকারে জানান যে, “অনুজ প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠত এবং রুটিন মেনে চলত, যার মধ্যে ফিটনেস ও জগিং অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সেদিন সকালে সে ঘুম থেকে ওঠেনি। ভোর সাড়ে ৪টায় তার অ্যালার্ম বেজে ওঠে এবং তাঁর মা তাকে জাগাতে ঘরে গিয়ে দেখেন যে সে মারা গেছে। মাত্র ১০ দিন আগেই তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং সে আবার ফিরে আসার কথা বলছিল। ২০০৮ সালের মতোই তাঁর উৎসাহ ছিল। সে সবসময় সবার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কথা বলত এবং মানুষকে মর্যাদার সঙ্গে দেখত।”
শোকাহত ইন্ডাস্ট্রির বাকিরা
প্রসঙ্গত, রূপেশ ও অনুজের প্রথম দেখা হয়েছিল ‘বন্ধন সাত জন্মোঁ কা’ ধারাবাহিকের সেটে। তারা একে অপরকে বিগত ১৮ বছর ধরে চিনতেন। অন্যদিকে অভিনেতার আচমকা এই মৃত্যু খবরে অভিনেতা ভাকুর শেখ মন্তব্য করেছেন, “হায় ঈশ্বর… এটা অবিশ্বাস্য… এই খবরটা শুনে খুব দুঃখ পেলাম, খুব মিষ্টি আর ভালো ছেলে ছিল… আল্লাহ ওর আত্মাকে শান্তি দান করুন।” অনুজ ঠাকুর ‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জন্মোঁ কা’, ‘বিন্ধ বানুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ এবং ‘মহিসাগর’ ধারাবাহিকে কাজ করেছিলেন।