সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের লোক বিজেপিতে নেওয়া হবে না, এ কথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) অনেক আগেই জানিয়েছিলেন। কিন্তু সেই কথার মান্যতা দেওয়া হচ্ছে কোথায়? একের পর এক তৃণমূলের নেতা, বিধায়ক, সাংসদরা সেই পদ্ম শিবিরেই আশ্রয় নিচ্ছেন। টিএমসির ২০ জন সাংসদ তো সরাসরি এনডিএ সমর্থিত এনসিপিআই-তে যোগদান করেছেন। তবে এবার বিজেপিতে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শমীক।
প্রত্যেকের বিজেপি করার অধিকার আছে: বিস্ফোরক শমীক
আসলে সম্প্রতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিজেপিতে যোগদান নিয়ে রাজ্য-রাজনীতিতে ছড়িয়েছে তুমুল জল্পনা। তবে সেই জল্পনা উড়িয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, শুধু কৃষ্ণেন্দু নন, বরং আরও একাধিক ফোন আসছে তাঁর কাছে বিজেপিতে যোগদানের জন্য। তাঁর কথায়, “প্রত্যেকের বিজেপি করার অধিকার রয়েছে। আমি তো শুনেছি সবাই বিজেপি করবে। আমি যা ফোন পাই, আপনাদের তো সেগুলো বলছি না। শুনলে আঁতকে উঠবেন।”
শমীক আরও বলেন, “একজন তো আবার বিজেপির বই পর্যন্ত উপহার দিয়েছেন, যা আমাদের মতাদর্শের উপরেই লেখা। মানুষ বুঝতে পারছে যে আগামী ২৫ বছর ক্ষমতায় থাকবে বিজেপি।” এদিকে প্রসূন ব্যানার্জির সঙ্গে কুণাল ঘোষের বৈঠক নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “প্রসূন ব্যানার্জি অসাধারণ ফুটবলার ছিলেন। এই বয়সে এসে যদি খেলা দেখাতে পারেন তাহলে তিনি দেখাক। আর ডিসকাউন্ট তো কুণাল ঘোষ সবসময় দিয়েই যাচ্ছেন। ঘোষের একদিকে কথা, অন্যদিকে ব্যথা।”
আরও পড়ুন: অসমে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু একাধিক পড়ুয়া সহ ২৩ জনের
পাশাপাশি কাউন্সিলর নির্বাচন নিয়ে এদিন শমীক জানিয়েছেন, “হাওড়া কর্পোরেশন দীর্ঘ ১৩ বছর ধরেই বঞ্চিত। আমাদের দলের মধ্যে কোথাও কোনও কনফিউশন নেই। যারা দলকে চেনেন না, তাদের মধ্যেই কনফিউশন রয়েছে। যারা রাতারাতি দলবদল করে বিজেপির পতাকা ধরে নিয়েছে, তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে। তবে যারা বিজেপির কর্মী, তারা জানেন বিজেপি কীভাবে চলে। বিজেপির প্রার্থী কীভাবে নির্বাচিত হয়।”