BookMyShow-তে হাউসফুল মোদীর ইভেন্ট, ১ ঘণ্টাতেই শেষ সব টিকিট

প্রীতি পোদ্দার, কলকাতা: বড় চমক বিনোদন দুনিয়ায়! BookMyShow-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রথম অনুষ্ঠানের টিকিট বিক্রিতে দেখা গেল নজিরবিহীন দৃশ্য। জানা গিয়েছে এই অনুষ্ঠান (Modi Event BookMyShow) দেখার আগ্রহ এতটাই বেশি যে মাত্র এক ঘণ্টায় প্রধানমন্ত্রীর জনসভার আসন হাউসফুল (Modi Event Housefull) হয়ে গিয়েছে। এমনকি ৪২ হাজারের বেশি মানুষ এখনও ওয়েটিং লিস্টে রয়েছে। জানা গিয়েছে, কিউআর কোডযুক্ত ডিজিটাল এম-টিকিট দেখিয়েই মিলবে এই ইভেন্টে প্রবেশের সুযোগ।

‘BookMyShow’তে একঘণ্টায় হাউসফুল

আজ অর্থাৎ মঙ্গলবার গুজরাতের ভাদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিনামূল্যে নাম নথিভুক্তি করার জন্য BookMyShow নামক বেসরকারি পোর্টালটি ব্যবহার করেছে ভাদোদরা পুরসভা। আর তাতেই বিপুল সাড়া পাওয়া গিয়েছে। এক ঘণ্টার মধ্যে সব আসন ভর্তি হয়ে যায়। পুরনিগম কর্তৃপক্ষের দাবি, প্রথমবার এরকম কোনও উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাতে দুর্দান্ত সাড়া মিলেছে। জানা গিয়েছে, সাধারণ নাগরিক, শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

QR কোড স্ক্যান করে ঢুকতে হবে ইভেন্টে

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই বিগ ইভেন্টে প্রবেশের ক্ষেত্রে যাঁরা নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পেরেছেন, তাঁদের বুক মাই শো অ্যাকাউন্টে একটি ডিজিটাল এম-টিকিট পৌঁছে গিয়েছে। তাতেও আছে একটি লাইভ কিউআর কোড। সেটা দিয়েই মোদীর সভাস্থলে প্রবেশ করতে পারবেন। জানা গিয়েছে, আজ গুজরাটের ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কার্যালয়ের তরফে জানানো হয়েছে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের তিনটি গুরুত্বপূর্ণ অংশের উদ্বোধন করা হবে আজ।

একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন মোদি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের তিনটি গুরুত্বপূর্ণ অংশের উদ্বোধন করবেন। এই ৩২৬ কিলোমিটার দীর্ঘ তিন করিডরের রুট তৈরির জন্য খরচ হয়েছে ২০,৭০০ কোটি টাকার মতো। এছাড়াও নিউ সানন্দ, নিউ মকরপুরা এবং নিউ উমরগাঁও থেকে নতুন ফ্রেইট ট্রেনের পাশাপাশি ভাদোদরা ও তান্ডা রোডের মধ্যে একটি নতুন যাত্রীবাহী ট্রেন চালু হবে এবং আলিরাজপুরের প্রত্যন্ত উপজাতি অঞ্চলকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে জোবাট-তান্ডা রোড রেল লাইনের সূচনা হবে।

আরও পড়ুন: প্রথমবার ১৬ কোচের বন্দে ভারত স্লিপারে সফল ‘কবচ’ ট্রায়াল, ১৬০ কিমি গতিতে ছুটল ট্রেন

সূত্রের খবর, ভাদোদরার নতুন রিং রোড, কদানা বাঁধে ১১০ মেগাওয়াটের ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প, পুরসভার নতুন ভবন, পিএমএওয়াই আবাসন এবং ১১টি গ্রামের জন্য জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই উদ্বোধন কর্মসূচি সম্পন্ন করে তিনি চলে যাবেন মুম্বই। সেখানে বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আয়োজিত ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন করবেন তিনি। অর্থাৎ গোটা দিন জুড়েই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি।

Leave a Comment