আনিষা চৌধুরী, কলকাতা: আপনি কি ন্যাশনাল হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে নিয়মিত যাতায়াত করেন? কারণ এই ধরনের গাড়ির মালিকদের জন্য FASTag Annual Pass বেশ সুবিধাজনক হতে পারে। ৩,০৭৫ টাকা দিয়ে আপনিও এই পাস নিতে পারেন। পাসটি ইস্যু হওয়ার পর এটিকে ১২ মাস অথবা সর্বোচ্চ ২০০টি ট্রিপ পর্যন্ত ব্যবহার করা যায়। যদি ১২ মাসের আগেই ২০০টি ট্রিপ শেষ হয়ে যায়, তাহলে স্বাভাবিক নিয়মে পাসের মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু ১২ মাস শেষ হয়ে গেলেও যদি ২০০ ট্রিপ শেষ না হয় তখন? এই অব্যবহৃত ট্রিপ নিয়ে অনেককেই একটি প্রশ্ন করতে দেখা যায়, পড়ে থাকার ট্রিপগুলির জন্য কি টাকা ফেরত পাওয়া যাবে?
২০০ ট্রিপ আগে শেষ হলে কী হবে?
নিয়ম অনুযায়ী, Annual Pass-এর মেয়াদ শেষ হওয়ার সময় যদি ২০০টির মধ্যে কিছু ট্রিপ বাকি থাকে, সেগুলির জন্য কোনও রিফান্ড বা অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না। পাশাপাশি সেই ট্রিপগুলিকে পরের বছরের পাসেও যোগ করা যাবে না। ধরুন, এক বছরে আপনি ১০০টি ট্রিপ ব্যবহার করেছেন। তাহলে বাকি ১০০টি ট্রিপ পাসের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাতিল হয়ে যাবে। একই নিয়ম প্রযোজ্য হবে যদি ১২০টি ট্রিপ ব্যবহার করা হয় এবং ৮০টি বাকি থাকে।
অন্যদিকে, কেউ যদি ১২ মাস পূর্ণ হওয়ার আগেই ২০০টি ট্রিপ ব্যবহার করে ফেলেন, তাহলে সেখানেই Annual Pass-এর সুবিধা শেষ হবে। যেমন, ছয় মাসের মধ্যেই ২০০টি ট্রিপ সম্পূর্ণ হলে পরের ছয় মাস আর এই পাসে যাতায়াত করা যাবে না। অর্থাৎ, ১২ মাসের মেয়াদ এবং ২০০ ট্রিপ, দুটির মধ্যে কোনও একটি আগে শেষ হলেই আপনার পাসের বৈধতা শেষ।
আরও পড়ুন: ট্রেন লেট রুখতে বড় পদক্ষেপ পূর্ব রেলের, শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে নতুন প্রযুক্তি
পাস শেষ হলে FASTag কীভাবে চলবে?
এখানে একটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ, Annual Pass শেষ হয়ে গেলেও FASTag বন্ধ হয়ে যায় না। এরপর সেটি সাধারণ FASTag হিসেবেই কাজ করবে এবং টোল প্লাজা পার হওয়ার সময় প্রচলিত নিয়ম অনুযায়ী টোলের টাকা কেটে নেওয়া হবে। Annual Pass-এর সুবিধা আবার নিতে চাইলে নতুন করে ৩,০৭৫ টাকা দিয়ে পাস নিতে হবে। পুরনো পাসের অব্যবহৃত ট্রিপ নতুন পাসে যোগ করার কোনও সুযোগ নেই। তাই নিয়মিত হাইওয়ে ব্যবহারকারীদের জন্য এটি সুবিধাজনক হলেও, কম যাতায়াত করলে পাস নেওয়ার আগে কতবার ভ্রমণ করবেন, তার একটা হিসাব করে নেওয়া ভালো।