ISL-র আগেই ব্যান হয়ে যেতে পারে ইস্টবেঙ্গল, কারণ জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়টা বেশ ভালই চলছিল ইস্টবেঙ্গলের (East Bengal FC)। প্রথমে ইন্ডিয়ান সুপার লিগ জয়, তারপর ডুরান্ড কাপের সাফল্য নিয়ে স্বপ্নের সিঁড়িতে পা রেখেছিল লাল হলুদ (East Bengal Ban)। সেখান থেকেই এবার ধপাস করে মাটিতে পড়তে না হয়! আসলে, লাল হলুদের সু-সময়ে আকাশে ঘনিয়েছে কালো মেঘ। কারণ, এবার বকেয়া বেতন চেয়ে সরাসরি ফিফার দ্বারস্থ হয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ অস্কার ব্রুজোর দুই সহকারি। আর তারপরেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার লিগাল ডিপার্টমেন্ট থেকে মেল পেয়েছে মশাল ব্রিগেড।

এবার কি তাহলে ব্যান হবে ইস্টবেঙ্গল?

সব ঠিকঠাক থাকলে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে পারে অক্টোবরে। সেখানে সর্বশক্তি নিয়ে মাঠে নামার কথা ইস্টবেঙ্গলের। দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ শুরু হওয়ার ঠিক আগেই এবার কি তাহলে ধাক্কা খেতে চলেছে লাল হলুদ? ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ অস্কারের দুই সহযোগী জেভিয়ার স্যাঞ্চেজ এবং আদ্রিয়ানের যে বেতন বাকি রয়েছে তা মিটিয়ে দিতে হবে ইস্টবেঙ্গলকে। যত দ্রুত সেটা লাল হলুদ করতে পারবে ততই মঙ্গল।

নির্ধারিত সময়ের মধ্যে প্রাক্তন দুই কর্মীর বেতন মিটিয়ে না দিলে শেষ পর্যন্ত ফিফার ব্যানের আওতায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। আর সেটা হলে, ইন্ডিয়ান সুপার লিগের আগে শহরের ঐতিহ্যবাহী দলটা যে বড়সড় ধাক্কা খাবে সে কথা বলার অপেক্ষায় রাখে না। বলাই বাহুল্য, অস্কারের দুই সহকারীর বেতন বাকি থাকার বিষয়টি নজরে এসেছিল গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের দিকে। দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন তাঁদের বকেয়া বেতন মেটায়নি লাল হলুদ।

 

আরও পড়ুন: BRICS দেশের সাথে ব্যবসা করে ক্ষতি? আমদানি বাড়লেও কমল ভারতীয় পণ্যের রপ্তানি

এদিকে শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগেই নাকি ফিফার কাছে নালিশ জানিয়েছিলেন এই দুই ব্যক্তি। তাঁরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বকেয়া আটকে রাখার অভিযোগ নিয়ে ফিফার লিগাল সেলের কাছে অভিযোগ দায়ের করতেই 31 আগস্ট লাল হলুদ ম্যানেজমেন্টের কাছে আসে লিগাল নোটিস বা মেল।  স্বাভাবিকভাবেই এই মেলের পরেও ইস্টবেঙ্গল যদি দুই প্রাক্তন সহকারীর বেতন আটকে রাখে সেক্ষেত্রে ব্যানের খাড়া ঝুলবে, ময়দান প্রধানের গলায়। তাতে মহামেডানের পাশে বসতে হতে পারে লাল হলুদকে।

Leave a Comment