ভারতের আধার পেতে চলেছে আন্তর্জাতিক পরিচিতি, নয়া পদক্ষেপ UIDAI-র

অনন্যা সরকার, নয়াদিল্লি: এবার আধার (Aadhaar) পাবে বৈশ্বিক পরিচিতি। বর্তমানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ভারতের আধার ব্যবস্থাকে বিশ্বব্যাপী প্রসার করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ডিজিটাল পরিচয়ের এই কাঠামোকে আন্তর্জাতিক ব্যবহারের উপযোগী করে তোলার কাজ শুরু হয়েছে। বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক (NRI) এবং ভারতীয় বংশদ্ভূত বিদেশী নাগরিকদের (OCI) কাছে ডিজিটাল পরিচিতি সংক্রান্ত সুবিধাগুলো পৌঁছে দেওয়াই এর উদ্দেশ্য। বৃহস্পতিবার ইউআইডিএআই-এর এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

আধারের ফ্রেমওয়ার্ককে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চলেছে UIDAI

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর এক আলোচনা পর্বে ইউআইডিএআই-এর সিইও সৌরভ বিজয় আধার পরিকাঠামোকে বিশ্বস্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। এর ফলে আধারকে আন্তর্জাতিক পর্যায়ে চালু করা সম্ভব হবে। সৌরভ বিজয় জানান, আধারের ক্ষেত্রে এখন মূল লক্ষ্য হল একে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। এর ‘ইন্টারঅপারেবিলিটি’ বা বিভিন্ন ব্যবস্থার মধ্যে পারস্পরিক সংযোগ ও কার্যকারিতার বিষয়টি নিয়ে কাজ করার পরিকল্পনা করছে ইউএডিএআই। কীভাবে এটিকে আরও সহজসাধ্য করা যায় তাই নিয়েই চিন্তা ভাবনা চলছে। এবিষয়ে ইতিমধ্যেই কিছু ‘প্রুফ অফ কনসেপ্ট’ (PoC) বা পরীক্ষামূলক কার্যক্রমও চালানো হয়েছে। আধারকে আন্তর্জাতিক করার লক্ষ্যে আইনি ভাবেও এগোনো হচ্ছে। এমন নীতি তৈরির কাজ করা হচ্ছে, যার মাধ্যমে ভারতের বিদেশী নাগরিকরাও এটি ব্যবহার করতে পারেন, যাতে আরও বেশি বিনিয়োগ আসে। 

তিনি এও উল্লেখ করেন যে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (NPCI) এই অনুষ্ঠানে তিনটি নতুন পরিষেবা চালু করেছে, যার মধ্যে কয়েকটি আন্তর্জাতিক স্তরেও সম্প্রসারিত হতে পারে। ট্রানজ্যাকশন যাচাই বা অথেন্টিকেশন-এর ক্ষেত্রে ইউআইডিএআই এবং এনপিসিআই একযোগে কাজ করে। সৌরভ বিজয় আরও জানান, ছোট ব্যবসায়ীরা যাতে কেওয়াইসি (KYC) প্রক্রিয়ার জন্য আধার-ভিত্তিক ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহার করতে পারেন, সেজন্য ইউআইডিএআই নির্দেশিকা তৈরির কাজ করছে। আধারের মাধ্যমে ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়াটি ইতিমধ্যেই পার্টনার সংস্থাগুলোর জন্য গ্রাহক অন্তর্ভুক্তির বা অনবোর্ডিংয়ের সময় কমিয়ে এনেছে।

আরও পড়ুন: টাকার মতোই এবার ATM থেকে মিলবে ডেবিট কার্ডও! শীঘ্রই চালু হচ্ছে নতুন ব্যবস্থা

ইউআইডিএআই-এর সিইও বলেন, এই পুরো প্রক্রিয়াটিকে সংক্ষিপ্ত এবং আরও সহজ ও নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এর জন্য ‘আধার লাইট’ (Aadhaar Lite)-এর মতো নতুন পরিষেবা আনা হচ্ছে। খুব শীঘ্রই এসংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হবে। এর পাশাপাশি, বুধবার ইউআইডিএআই একটি নতুন ‘আধার ফেস অথেন্টিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট’ (SDK) এবং একটি ডেডিকেটেড ‘স্যান্ডবক্স’ চালু করেছে। এই টুলগুলোর মাধ্যমে ব্যাংক, বিমা কোম্পানি, ফিনটেক সংস্থা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তাদের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে সরাসরি ফেস অথেন্টিকেশনের সুবিধা যুক্ত করতে পারবে। এর ফলে গ্রাহকরা অন্য কোনও অ্যাপে না গিয়েই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং ডিজিটাল অনবোর্ডিং প্রক্রিয়াটি আরও সহজ হবে।

Leave a Comment