PoK-কে ভারতের অংশ হিসেবে দেখাল আফগানিস্তান, চিহ্নই নেই পাকিস্তানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি সেপ্টেম্বরেই ভারতের (India) মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান (Afghanistan)। তাও আবার আয়োজক দেশ হিসেবে। হ্যাঁ, এই প্রথমবারের মতো ভারতের মাটিতে আয়োজক হিসেবে ভারতের বিরুদ্ধেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে আফগান বাহিনী। তার আগে ম্যাচের জন্য প্রোমো ভিডিও প্রকাশ করে বিতর্কে জড়াল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যদিও প্রোমো ভিডিওতে আফগানিস্তান যে ম্যাপ দেখিয়েছে তাতে চটেছে পাকিস্তান এবং ভারত দুদেশের জনগণই।

ম্যাপ দেখিয়ে বিতর্কে জড়াল আফগানিস্তান

এই মুহূর্তে নিজেদের ঘরের মাঠে ম্যাচ আয়োজন করতে পারছে না আফগানিস্তান। তাই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজক হিসেবে আগামী 13 সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর সেই ম্যাচগুলির জন্যই প্রচারমূলক একটি ভিডিও আপলোড রশিদ খানদের বোর্ড। আর ওই এক ভিডিওতেই বেড়েছে বিতর্ক। যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তাতে দুই খুদেকে সামনে রেখে ভারত এবং পাকিস্তানের মধ্যে থাকা ভাতৃত্ববোধকে দেখানো হয়েছে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে ক্রিকেট নিয়ে থাকা আবেগকেও তুলে ধরা হয়েছে ভিডিওটিতে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত ভিডিওটিতে দেখানো হয় ম্যাপও। সেখানে হলুদ রঙে চিহ্নিত করা হয় ভারতের ম্যাপ। আর এখানেই বাড়ে বিতর্ক। আফগানিস্তান ভারতের ওই ম্যাপে পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তানকে দেখিয়েছিল। যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়টি নিয়ে সে দেশের বিদেশ মন্ত্রকের কাছেও ক্ষোভ জানিয়েছে।

 

আরও পড়ুন: “মুখ্যমন্ত্রী যেমনটা বলবেন সেভাবেই..” পুজোর আগে ইডেনে বড় চমক! মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের এমন কাণ্ডে পুরোপুরি চটে গিয়েছে পাকিস্তান। এই ঘটনাটি এবার আন্তর্জাতিক ক্ষেত্রেও তুলে ধরতে পারে পশ্চিমের দেশ। ওই ভিডিওটিতে ভারতের ম্যাপে পাক অধিকৃত কাশ্মীরকে এদেশের অংশ দেখানো হলেও ভিডিওটি শেষের মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরের অংশটিকে ধীরে ধীরে ভারতের ম্যাপ থেকে মুছে যেতে দেখা যায়। অর্থাৎ সেটা যেন আর ভারতের অংশ নেই। আর এতে আবার ক্ষুব্ধ ভারতীয়রা। নেটিজেনদের অনেকেই ইতিমধ্যেই ওই ভিডিও ডিলিট করার আবেদন জানিয়েছেন। সবমিলিয়ে, এক ভিডিও ঘিরে বিতর্কে আফগানিস্তান!

Leave a Comment