আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আমতার (Amta) কুলিয়া এলাকায়। টাকা পাওয়ার অপেক্ষায় থাকা বেশ কয়েকজন মহিলা এদিন বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না। বারবার খোঁজ নিতে গেলে তাঁদের জানানো হচ্ছে, আবেদন এখনও ‘আন্ডার প্রসেস’ রয়েছে। ফলে কবে টাকা মিলবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাঁদের মধ্যে অনেকে এখনও পর্যন্ত একবারও এই প্রকল্পের টাকা পাননি।
“যাদের টাকা-পয়সা আছে তারা অন্নপূর্ণার টাকা পেয়ে যাচ্ছে”
বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের মহিলারাও যদি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে তাঁরা কেন টাকা থেকে বঞ্চিত হচ্ছেন? তাঁদের কথায়, “যাদের টাকা-পয়সা আছে তারা অন্নপূর্ণার টাকা পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন পাব না? যাদের চারতলা, পাঁচতলা বাড়ি, তারাও টাকা পাচ্ছে। আমরা তো গরিব মানুষ। আমরাও খেটে খাই।” একই সঙ্গে তাঁদের প্রশ্ন, দিনের পর দিন আবেদন ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে কিন্তু টাকা আর ঢুকছে না। এক বিক্ষোভকারীর দাবি, “আমরা দিন আনি দিন খাই।” তাই সরকারি প্রকল্পের টাকা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিন বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এক মহিলা বলেন, ভোটের সময় তাঁদের কাছ থেকে ভোট নেওয়া হয়েছে, অথচ এখন তাঁরা প্রকল্পের টাকা পাচ্ছেন না। তাঁদের দাবি, সরকার যদি টাকা দেওয়ার ব্যবস্থা না করে, তাহলে সকলের টাকা বন্ধ করে দেওয়া হোক। আর তা না হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর ব্যবস্থা করা হোক। অন্য এক বিক্ষোভকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, “দিদি তো এরকম করেননি। উনি প্রত্যেক মাসে টাকা দিয়েছেন। তাহলে এই সরকার এরকম কেন করছে?”
বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্যার সমাধানের আশ্বাস আগেও একাধিকবার দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন বলেন, “সবাই এসে বলছে ব্যবস্থা করছে। পুলিশ এলো, মন্ত্রী এলো, কোনও ব্যবস্থাই হলো না। শুধু কথা দিচ্ছে, কথা রাখতে পারছে না।” অর্থাৎ বারবার আশ্বাস মিললেও বাস্তবে টাকা পাওয়ার সমস্যা কাটেনি। সেই ক্ষোভ থেকেই এদিন তাঁরা একজোট হয়ে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন: ১ বছরের মধ্যেই নতুন পদ, বাংলায় নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিক, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনা হয়। পাশাপাশি, কারা কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, তা খতিয়ে দেখতে তাঁদের নাম, ফোন নম্বর এবং আধার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এখন যাঁরা দীর্ঘদিন ধরে ‘আন্ডার প্রসেস’ অবস্থায় রয়েছেন, তাঁদের আবেদন যাচাই করে কবে সমস্যার সমাধান হয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।