“আজান দিতে কেউ বাধা দিচ্ছে না”, মসজিদের মাইক খোলা নিয়ে বড় রায় হাইকোর্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকার প্রায় ৪০০০ মসজিদ থেকে আজানের মাইক (Mosque Mic) খুলে দিয়েছে বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তবে সেই বিষয়ে রাজ্যকে তাদের অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। আগামী ১৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে। তার আগেই রাজ্যকে অবস্থান জানাতে হবে বলে নির্দেশ।

মসজিদের মাইক খোলা নিয়ে হাইকোর্টের বড় রায়

কল্যাণের অভিযোগ, কোনওরকম আগাম নোটিশ ছাড়াই রাজ্যের ৪ হাজার মসজিদের মাইক খোলা হয়েছে। শুধুমাত্র মৌখিক নির্দেশের ভিত্তিতেই এই কাজ করেছে রাজ্য সরকার। তবে সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের এজি বিলদ্বল ভট্টাচার্য। তাঁর দাবি, এই বিষয়ে রাজ্যকে স্পষ্ট অবস্থান জানানোর সুযোগ দিতে হবে। এমনকি কল্যাণ অভিযোগ করেন, পুলিশ নিজে মসজিদের উপরে জুতো পরে উঠে মাইক খুলছে। রাজ্যের আনুমানিক ৪ হাজার মসজিদ থেকে মাইক খোলা হয়েছে।

তবে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, রাজ্যের কোন জেলা থেকে কত মাইক খোলা হয়েছে সেই তথ্য জমা দেওয়া প্রয়োজন। পাল্টা কল্যাণের দাবি, এটি জনস্বার্থ মামলা হওয়ায় সমস্ত মসজিদে মাইক লাগানোর অনুমতি চাইছেন তিনি। কিন্তু বিচারপতি জানান, “আজান দিতে কেউ বাধা দিচ্ছে না। সকাল ৭ টার পর কি আজানে মাইক ব্যবহার করতে চাইছে মামলাকারী? ৪০০০ মাইক খোলা হয়ে থাকলে রাজ্যকে তাদের অবস্থান জানাতে হবে।”

আরও পড়ুন: ‘এখানে নাটক চলবে না’ পার্কে আন্দোলন করতে গিয়ে ঘাড়ধাক্কা খেল আরশোলারা

তবে রাজ্যের এজির বক্তব্য, অন্তর্বর্তী নির্দেশ না দিলেই রাজ্য এ বিষয়ে অবস্থান জানাবে। আর যদি অন্তবর্তী নির্দেশ না দেওয়া হয়, তাহলে এই মামলা এখনই খারিজ করে জরিমানা ধার্য করতে হবে। এটি শুধুমাত্র মৌখিক অবস্থানের উপর দাঁড়িয়ে। কিন্তু বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানতে চান যে পুলিশ আদৌ গিয়ে মসজিদের মাইক খুলে দিয়েছে কিনা। এখন দেখার, আগামী শুনানির আগে রাজ্য সরকার এ বিষয়ে তাদের অবস্থান জানায় কিনা।

Leave a Comment