সৌভিক মুখার্জী, কলকাতা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্ক নাকি একীভূত হয়ে যাচ্ছে (Bank Merger)! অনুমোদনও দিয়েছে কেন্দ্রীয় সরকার! সম্প্রতি এমনই কিছু দাবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম কিংবা টুইটার, সব জায়গায় রমরমিয়ে শেয়ার হচ্ছে এই পোস্ট। কিন্তু আদৌ কি তাই? আসলেই কি কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছে? ফ্যাক্ট চেক করে জানাল কেন্দ্রীয় ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরো।
একীভূত হচ্ছে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক?
আসলে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট ভাইরাল হয়েছে সেখানে দাবি করা হচ্ছে, দেশের বৃহত্তম সরকারি খাতের ব্যাঙ্ক তৈরি করার জন্যই এবার কেন্দ্রীয় সরকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে একীভূত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এমনকি সেটি দেখে মনে হচ্ছে সংবাদপত্রের খবর। তবে সেখানে এও দাবি করা হচ্ছে, সরকার অনুমোদন দিলেও বিষয়টি এখনও পর্যন্ত বিবেচনাধীন রয়েছে। খুব তাড়াতাড়ি এই একীভূতকরণ সম্পন্ন হতে পারে!
তবে এই দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কেন্দ্রীয় ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি তা সম্পূর্ণ ফেক বা গুজব এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে স্পষ্ট জানিয়েছে, পিএনবি, কানাড়া ব্যাঙ্ক এবং এসবিআই এই তিনটি ব্যাঙ্কের একীভূত হওয়ার যে দাবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেই ছবিটি আসলে বানানো। এটি কোনও প্রকৃত সংবাদপত্রের প্রতিবেদন নয়। এমনকি কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তারা আরও জানিয়েছে, ভারত সরকার পিএনবি, কানাড়া এবং স্টেট ব্যাঙ্ককে একীভূত করার কোনও প্রস্তাবে এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি।
An image circulating on social media platforms falsely claims that the Government has approved the merger of Punjab National Bank (PNB), Canara Bank, and State Bank of India (SBI).#PIBFactCheck
❌ This claim is #FAKE.
✅ The Government of India has NOT approved any proposal… pic.twitter.com/0A7gJZznHT
— PIB Fact Check (@PIBFactCheck) June 29, 2026
আরও পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে স্বস্তির খবর! অনেকটাই কমল রেট
এমনকি ফ্যাক্ট চেক করে পিআইবি সাধারণ মানুষকে ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য শুধুমাত্র সরকারি সূত্র থেকে যাচাই করার পরামর্শ দিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সঠিক তথ্যের জন্য সব সময় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট rbi.org.in ভিজিট করুন। আর এই ফ্যাক্ট চেকিং সংস্থাটি ভারত সরকার সম্পর্কিত সন্দেহজনক বিষয়বস্তু পিআইবি-কে জানানোর জন্যও অনুরোধ করা হচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় মনগড়া ছবি বা বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।