এবার ডিজিটাল কারেন্সিতে হবে লেনদেন, রেশন কার্ড ধারকদের বড় উপহার সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ডিজিটাল মুদ্রার মাধ্যমে তোলা যাবে রেশন (Rationing)। নতুন প্রযুক্তি চালু করছে কেন্দ্র সরকার। এখন থেকে রেশন দোকানে গিয়ে আর লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হবে না। ডিজিটাল লেনদেনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবার সরকার সরাসরি রেশনের ভর্তুকি গ্রাহকদের ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পাঠাবে। আর সেই অর্থ তুলেই সরাসরি রেশন সামগ্রী সংগ্রহ করা যাবে। ইতিমধ্যেই এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চণ্ডীগড়ে চালু করা হয়েছে। ধীরে ধীরে গোটা দেশজুড়ে তা চালু হবে বলেই অনুমান।

ডিজিটাল মুদ্রার মাধ্যমে তোলা যাবে রেশন

গতকাল অর্থাৎ ১৪ আগস্ট নতুন এই প্রযুক্তিভিত্তিক রেশন ব্যবস্থা চালু হয়েছে চণ্ডীগড়ে। এর আওতায় আপাতত ৫৫ হাজারের বেশি সুবিধাভোগীকে ডিজিটাল মুদ্রা ব্যবহার করে সরাসরি রেশনের চাল, গম সংগ্রহ করার সুবিধা দিচ্ছে সরকার। এমনকি এই অঞ্চলজুড়ে আনুমানিক ৫৪২টি রেশন দোকানে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় খাদ্য ভর্তুকি এখন সহজেই গ্রাহকদের কাছে ডিজিটাল ভাবে পৌঁছে যাবে।

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? তাহলে সেক্ষেত্রে বলে রাখি, নতুন এই প্রযুক্তির আওতায় খাদ্য ভর্তুকির টাকা সরাসরি প্রত্যেক সুবিধাভোগীর ডিজিটাল ওয়ালেটে পাঠিয়ে দেওয়া হবে। তারপর উপভোক্তারা সরাসরি যে কোনও রেশন দোকানে গিয়ে একটি কিউআর কোড স্ক্যান করে সহজে সেই অর্থ পরিশোধ করে টাকা সংগ্রহ করতে পারবেন। এর ফলে আর নগদ টাকা বহন করতে হবে না বা কাগজপত্রের ঝামেলা পোহাতে হবে না। তবে হ্যাঁ, ডিজিটাল ওয়ালেটের এই টাকা দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট খাদ্যদ্রব্য কেনা যাবে। অন্য কোনও ব্যক্তিগত কেনাকাটার জন্য এই অর্থ ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: ১০ বছর পর হেলথ স্কিমে চিকিৎসার খরচ বদলাল রাজ্য সরকার, বাড়ল নাকি কমল?

এদিকে এই প্রযুক্তির সবথেকে বড় বৈশিষ্ট্য হল, যদি কোনও সুবিধাভোগী এক মাসের মধ্যে তার ডিজিটাল ওয়ালেটের ভর্তুকি ব্যবহার না করে, তাহলে সেক্ষেত্রে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবেই আবার সরকারের অ্যাকাউন্টে ফেরত চলে যাবে। যার ফলে সরকারের পক্ষ থেকে রিয়েল টাইমে এই প্রসেস ট্র্যাক করা সহজ হবে, এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকবে।

Leave a Comment