এবার পুরুষরা মহিলা কামরায় উঠলে আর রক্ষে নেই! আরও কড়া হচ্ছে রেল

অনন্যা সরকার, নয়া দিল্লি: বৈধ টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের বিরুদ্ধে আরও কড়া হল ভারতীয় রেল (Indian Railways)। পাবলিক ট্রাস্ট আইন, ২০২৬-এ এসেছে বড় পরিবর্তন (Railway Rules)। এই আইনের অধীনে কেন্দ্রীয় সরকার টিকিট ছাড়া ট্রেনে যাতায়াতকারী ব্যক্তিদের ন্যূনতম জরিমানার (Fine) অঙ্ক ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত জোনাল রেলওয়েকে রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, এই আইন রাষ্ট্রপতির দ্বারা স্বীকৃত হয়েছে। রেলওয়ে আইন, ১৯৮৯-এর সংশোধনীগুলি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১ জুলাই থেকে এই আইন কার্যকর হতে চলেছে। কি কি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে আসুন জেনে নেওয়া যাক। 

টিকিট ছাড়া ট্রেনে উঠলে দিতে হবে দ্বিগুণ জরিমানা 

যারা বৈধ রেলের টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করেন তাদের বিরুদ্ধে কড়া হয়েছে আইন। সংশোধিত ১৩৭ নম্বর ধারা অনুযায়ী, টিকিট ছাড়া বা আগের টিকিট ব্যবহার করে যে ব্যক্তিদের ট্রেনে ভ্রমণ করতে দেখা যাবে, তাদের প্রযোজ্য ভাড়া এবং জরিমানা পরিশোধ করতে হবে। ন্যূনতম জরিমানার পরিমাণ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, যারা প্রযোজ্য চার্জ দিতে পারবেন না তাদের বিরুদ্ধে আদালতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যের টিকিট ব্যবহার করার ক্ষেত্রে নতুন নিয়ম

অন্যের নামে বুক করা টিকিট ব্যবহারের ক্ষেত্রেও নিয়মে কড়াকড়ি আনা হয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী অন্যের টিকিটে ভ্রমণ করা যাত্রীদের টিকিট বাজেয়াপ্ত করা হবে এবং তাদের উপযুক্ত ভাড়া ও অতিরিক্ত চার্জ পরিশোধ করতে হবে। এক্ষেত্রেও ন্যূনতম ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। রিজার্ভড টিকিটের অপব্যবহার বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

মহিলা কামরায় পুরুষদের প্রবেশে মোটা অংকের জরিমানা

মহিলাদের জন্য সংরক্ষিত কোচে কোনো পুরুষ আসন দখল করে থাকলে তাকে ২,৫০০ টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ধরনের যাত্রীদের সংরক্ষিত আসন থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও থাকবে রেলের আধিকারিকদের কাছে। সংরক্ষিত আসনগুলির নির্ধারিত কারণে ব্যবহার করা এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে আর ট্রেনে করা যাবে না হকারি ও ভিক্ষাবৃত্তি

রেল চত্বরে অনুমতি ছাড়া কাউকে পণ্য বিক্রি করতে বা ভিক্ষাবৃত্তি করতে দেখলে কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অনুমোদনহীন হকারদের ২,০০০ টাকা জরিমানা করা হবে। বারংবার একে অপরাধ করলে এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও দেওয়া হয়েছে। নতুন সংশোধনীতে রেল চত্বরের ভিতরে ও কামরায় ভিক্ষাবৃত্তি করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।   রেলপথে সহযাত্রীদের প্রতি অশোভন আচরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নেশাগ্রস্ত থাকার জন্যও জরিমানা করা হতে পারে। 

Leave a Comment