বিক্রম ব্যানার্জী, কলকাতা: 48 দেশকে নিয়ে আয়োজিত হওয়ায় প্রথমেই নতুন নজির গড়ে ফেলেছে এবারের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। তার উপর যেসব দেশকে নিয়ে কোনও আশাই ছিল না, বিশ্বকাপের মঞ্চে ক্ষমতা প্রদর্শন করছে সেই সব দেশই। যেমন ধরা যাক, এবারের বিশ্বকাপে সকলকে চমকে দিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে 5 লক্ষ জনসংখ্যার কেপ ভার্দে। বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউটে এসেছে দক্ষিণ আফ্রিকাও। এছড়াও একাধিক ছোট দেশ 32 দলের লড়াইয়ে জায়গা করে নিয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাউন্ড অফ 32 এর পূর্ণাঙ্গ সূচি।
এক নজরে দেখে নিন রাউন্ড অফ 32 এর পূর্ণাঙ্গ সূচি
আজ থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং কানাডা। এই ম্যাচ গড়াবে আজ অর্থাৎ 28 জুন, রাত সাড়ে বারোটায়। খেলা হবে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে।
দ্বিতীয় ম্যাচে আগামীকাল অর্থাৎ 29 জুন মুখোমুখি হবে ব্রাজিল এবং জাপান। ইউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে দশটা থেকে।
তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানি এবং প্যারাগুয়ে। আগামীকাল রাত দুটো থেকে বস্টন স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 জুন, সকাল সাড়ে ছটা থেকে। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস এবং মরক্কো।
পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে আইভরি কোস্ট এবং নরওয়ের মধ্যে। 30 তারিখ রাত সাড়ে দশটা থেকে শুরু হবে এই খেলা। ফ্রান্স বনাম সুইডেনের ম্যাচ হবে 30 তারিখ রাত আড়াইটা থেকে।
এরপর পহেলা জুলাই পরপর তিনটি ম্যাচ রয়েছে। 1 তারিখ প্রথম ম্যাচে নামছে মেক্সিকো এবং ইকুয়েডর। খেলা শুরু হবে ভোর সাড়ে ছটা থেকে। দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড বনাম কঙ্গোর। ম্যাচ শুরু হবে রাত সাড়ে নটা থেকে। এছাড়াও বেলজিয়াম বনাম সেনেগালের ম্যাচ শুরু হবে 1 তারিখ রাত দেড়টা থেকে।
এরপর 2 জুলাই পরপর দুটি ম্যাচ রয়েছে। এদিন একদিকে মুখোমুখি হবে আমেরিকা এবং বসনিয়া ও হারজেগোভিনা। অন্যদিকে ম্যাচ হবে অস্ট্রিয়া এবং স্পেনের মধ্যে। প্রথম ম্যাচটি ভোর সাড়ে পাঁচটা থেকে হলেও দ্বিতীয় ম্যাচ গড়াবে রাত সাড়ে বারোটায়।
অবশ্যই পড়ুন: জর্ডানকে গুঁড়িয়েও চিন্তায় আর্জেন্টিনার কোচ, বড় দলের সামনে মেসিদের হারের আশঙ্কা
3 জুলাই ম্যাচ রয়েছে তিনটি। প্রথম ম্যাচে ভোর সাড়ে চারটের সময় মুখোমুখি হবে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। দ্বিতীয় ম্যাচে সম্মুখ সমরে উপস্থিত হবে সুইজারল্যান্ড এবং আলজেরিয়া। এই ম্যাচ আবার সকাল সাড়ে আটটা থেকে শুরু। এদিকে শেষ ম্যাচ অস্ট্রেলিয়া বনাম মিশরের মধ্যে হওয়ার কথা। সেটা অবশ্য রাত সাড়ে এগারোটায়।
এছাড়াও 4 জুলাই প্রথম ম্যাচটি আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বিয়া ও ঘানার মধ্যে। দুই ম্যাচ যথাক্রমে ভোর সাড়ে তিনটে ও সকাল সাতটার সময় অনুষ্ঠিত হওয়ার কথা।