কমবে ডলারের উপর নির্ভরতা! আমেরিকাকে চাপে ফেলতে বিরাট ভাবনা ভারত-জাপানের

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের (United States Dollar) প্রভাব কমানোর জন্য এবার বিরাট পদক্ষেপ ভারতের। হ্যাঁ, ভারত ও জাপানের মধ্যে ভবিষ্যতে স্থানীয় মুদ্রা অর্থাৎ রুপি এবং ইয়েনে সরাসরি লেনদেন (Rupee-Yen Transaction) চালুর সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভারত সফর এবং প্রধানমন্ত্রীর মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সেই জল্পনা আরও জোরদার হয়েছে। যদিও দুই দেশের যৌথ বিবৃতিতে বিষয়টি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু অর্থনৈতিক মহলের একাংশের মতে, ভবিষ্যতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভারত এবং জাপান বাণিজ্যে নতুন অধ্যায় সূচনা হতে পারে।

স্থানীয় মুদ্রায় বাণিজ্যের ভাবনা

আসলে বিশ্ব অর্থনীতিতে সাম্প্রতিক সময়ে অস্থিরতা, ডলারের ওঠানামা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বহু দেশ ধীরে ধীরে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। ভারত এবং জাপানও সেই পথে এগোতে পারে বলেই মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। রুপি এবং ইয়েনে সরাসরি বাণিজ্য শুরু হলে দুই দেশের ব্যবসায়ীরা ডলারের পরিবর্তে এবার নিজেদের দেশের মুদ্রাতেই আমদানি ও রফতানি লেনদেন করতে পারবে। এতে মুদ্রা বিনিময়ের অতিরিক্ত খরচ কমতে পারে। আর ব্যবসা আরও সহজ হতে পারে বলেই মনে করা হচ্ছে ।

এমনকি এই ব্যবস্থা কার্যকর হলে জাপানের নাগরিক এবং সংস্থাগুলি ভারতীয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে পারবেন। যার ফলে ভারত–জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সহজ হতে পারে। এছাড়া শিল্প অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ আসতে পারে। পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি, সেমিকন্ডাক্টর বা উৎপাদন শিল্পে যৌথ সহযোগিতা আরও জোরদার হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে সূত্র মারফত খবর, ২০২৫ সালে প্রকাশিত জাপান-ইন্ডিয়া ভিসনে প্রথমবার রুপি-ইয়েনে সরাসরি বাণিজ্যের প্রস্তাব দেওয়া হয়। তারপর থেকেই দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে একাধিক স্তরে আলোচনা চলেছে। আর এই ব্যবস্থার ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন: ‘ফিরহাদ সবচেয়ে বড় নেমকহারাম’ বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, শুধুমাত্র স্থানীয় মুদ্রায় বাণিজ্য শুরু করলে ডলারের প্রভাব পুরোপুরি কমানো সম্ভব নয়। তাদের মতে, আন্তর্জাতিক তেল বাণিজ্যের বড় অংশ এখনও পর্যন্ত ডলারের মাধ্যমেই হয়। আর ভারত ও জাপান দুই দেশই জ্বালানি আমদানির উপর নির্ভরশীল। যার ফলে বৈদেশিক বাণিজ্যে ডলারের প্রয়োজন ভবিষ্যতে থেকেই যাবে। কিন্তু ভারতে জাপানের বিনিয়োগ গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বেড়েছে। অন্যদিকে জাপানে ভারতীয় সংস্থার বিনিয়োগ সেই তুলনায় অনেকটাই কম। যার ফলে রুপি-ইয়েনে সরাসরি লেনদেন চালু হলে তুলনামূলকভাবে কিছুটা বেশি সুবিধা পেতে পারে জাপান।

Leave a Comment