প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২১ জুন, রবিবার, যোগ দিবস (Yoga Day) উপলক্ষ্যে রাজ্যজুড়ে শুরু হল বিশেষ ৩ দিনের কর্মসূচি। জানা গিয়েছে, আজ শুক্রবার কলকাতা পুরসভা থেকে ম্যারাথন দৌড়ের (Run For Yoga Event) সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়াও মহাকরণের সামনে যোগাসনের ব্যবস্থাও করা হয়েছিল। এদিন ম্যারাথন দৌড় থেকে শুরু করে যোগাসন করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকেও। সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী।
‘রান ফর যোগা’ কর্মসূচির সূচনা শুভেন্দুর
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, যোগ দিবসের কর্মসূচি উপলক্ষে আজ অর্থাৎ শুক্রবার সকালে ‘রান ফর যোগা’ কর্মসূচির মাধ্যমে কলকাতার ১১ টি জায়গা ও রাজ্যের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে ম্যারাথনের। আর এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন মুখ্যসচিব, রাজ্যের অন্যান্য মন্ত্রী ও লিয়েন্ডার পেজ। নির্ধারিত সূচি অনুযায়ী আজ, শুক্রবার সকাল সাড়ে ছটায় কর্পোরেশনের সামনে জমায়েত হয়েছিলেন সকলে। এরপরই অনুষ্ঠানের শুভ সূচনা করেছিল শুভেন্দু। কর্পোরেশন থেকে মহাকরণ পর্যন্ত ছিল ম্যারাথন। তারপরেই মহাকরণের সামনে হয় যোগাসন।
রাজ্যজুড়ে চলছে সাফাই অভিযান
জানা গিয়েছে ম্যারাথনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্প মন্ত্রী তাপস রায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পূর্ণিমা চক্রবর্তী, লিয়েন্ডার পেজ-সহ একাধিক মন্ত্রী-মুখ্যসচিব-পুরপ্রশাসক। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে রাজ্যজুড়ে চলছে সাফাই অভিযান। দিন কয়েক আগে নিজে হাতে গঙ্গাঘাট পরিষ্কার করেছিলেন শুভেন্দু অধিকারী। আসলে আগামী রবিবার যোগ দিবসে বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বচ্ছ এক কলকাতা উপহার দেওয়ার জন্য নেওয়া হয়েছে এই উদ্যোগ। এদিন রাস্তার উপরে আলপনা দিয়ে শহর পরিষ্কার রাখার বার্তাও দেওয়া হয়েছে জনগণকে।
আরও পড়ুন: বালাসনের জলে ভাঙল অস্থায়ী দুধিয়া সেতু, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ব্যবস্থা
প্রসঙ্গত, আগামিকাল অর্থাৎ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। রয়েছে একাধিক কর্মসূচি। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় গঙ্গা বক্ষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক অন্য পরিবেশ তৈরি করা হবে। এবং এই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘বন্দে যোগম’। এরপর ২১ তারিখ রাজ্যজুড়ে পালিত হবে যোগ দিবস। মূল অনুষ্ঠান হবে রেড রোডে। ৬.১৫ মিনিটে জমায়েত, আধ ঘণ্টা পর শুরু হবে মূল কর্মসূচি। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।