প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে প্রায় ২০ বছর পর কলকাতায় পা রাখতে চলেছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin)। জানা গিয়েছে, আগামী ১ আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং সেখানে কবিতা পাঠ করার পাশাপাশি গানও গাইবেন। সেই অনুষ্ঠানে নাকি নিমন্ত্রিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাই স্বাভাবিকভাবেই কলকাতার (Kolkata) শিল্পী সাহিত্যিক মহলে শোরগোল পরে গিয়েছে। এমতাবস্থায় বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) তসলিমা নাসরিনের কলকাতায় ফিরে আসা নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখালেন।
কী বলছেন সুজন চক্রবর্তী?
বাম নেতা সুজন চক্রবর্তী তাঁর ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে বলেছেন যে, “তসলিমা নাসরিন ২০ বছর পর কলকাতায় আসছেন, ভালো কথা। আসতে অসুবিধা কি? এ নিয়ে বলার কি আছে! যেহেতু উনি এদেশের নাগরিক নন, তাই উনি কবে কোথায়, কিভাবে থাকবেন তা কেন্দ্রের বিষয়। এখন তো কেন্দ্রে আর রাজ্যে একই সরকার। কেন্দ্র মনে করলে এখন সব হবে। তবে আমার প্রশ্ন যে বিজেপি এতদিন ধরে অনুপ্রবেশকারী নিয়ে নানা কথা বলেছিল, সেক্ষেত্রে তসলিমা নাসরিনকে কি সেই তালিকায় ফেলবেন? আর দেশে কে কখন কতটা সময় থাকবে সেটা কেন্দ্র ঠিক করবে। তখনকার কেন্দ্রীয় সরকারও এটা করেছিল। তাই ওঁকে চলে যেতে হয়েছিল। এখানে বামফ্রন্ট সরকারের কোনো দোষ নেই।”
কলকাতায় ফেরা নিয়ে আনন্দিত তসলিমা
বহু বছর পর কলকাতায় ফেরা নিয়ে বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন জানিয়েছেন, ‘কলকাতায় ফেরার এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন৷ কলকাতা আমার কাছে শুধু একটি শহর নয়, আমার হারিয়ে যাওয়া ঘর৷ আমাকে কলকাতা থেকে দূরে রাখা হলেও, আমার ভিতর থেকে কলকাতাকে কোনওদিন সরানো যায়নি৷ এত বছর পর আবার সেই শহরের মাটিতে পা রাখব৷ ভাবলেই আনন্দ, উত্তেজনা, আবেগ আর পুরনো বেদনা একই সঙ্গে জেগে উঠছে৷’ উল্লেখ্য, ২০০৭ সালে তসলিমা ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তসলিমা নাসরিনের বইটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং কলকাতা ছাড়তে বলা হয়েছিল।
আরও পড়ুন: পাকিস্তানকে ঝটকা দিয়ে নিজেদের স্বাধীন দেশ ঘোষণা করল বেলুচিস্তান
প্রসঙ্গত, কলকাতা থেকে তসলিমা নাসরিনের নির্বাসনের পর সাহিত্যিক মহলে নানা তর্ক বিতর্ক শুরু হয়েছিল। আসলে কলকাতার শিল্পী সাহিত্যিক মহলের সঙ্গে তসলিমা নাসরিনের যোগাযোগ ছিল গভীর। এর আগে, ২০২৫ সালে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। অবশেষে পালা বদলের রাজ্যে বিজেপি সরকার আসতেই ২০ বছর পর রাজ্যে ফিরছেন বাংলাদেশের এই সাহিত্যিক।