এখনই ২৫,০০০ টাকা হচ্ছে না বেতনের ঊর্ধ্বসীমা! হতাশ করল EPFO

অনন্যা সরকার, কলকাতা: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর আওতায় বাধ্যতামূলক বেতনের ঊর্ধ্বসীমা মাসিক ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার প্রস্তাবটি বর্তমানে স্থগিত রেখেছে কেন্দ্র সরকার। যদিও, এই প্রস্তাব প্রত্যাহার করা হয়নি, তবে শিল্পমহল ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনার পরেই এটি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। নতুন শ্রম আইন (Labour Codes) বাস্তবায়নের পথে রয়েছে, তাই সরকার বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত বিধি-বিধান পালনের খরচ চাপিয়ে দিতে চায় না বলেই মনে করা হচ্ছে।

EPFO-এর বর্তমান কাঠামো কী? 

২০১৪ সাল থেকে ইপিএফও-এর আওতাভুক্ত হওয়ার জন্য বাধ্যতামূলক বেতনের ঊর্ধ্বসীমা মাসিক ১৫,০০০ টাকাতেই আটকে রয়েছে। যেসব কর্মীর মূল বেতন (basic salary) এই সীমার মধ্যে বা তার নীচে রয়েছে, শুধুমাত্র তাঁদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) এবং এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS)-এর অন্তর্ভুক্ত করতে হয়। এক্ষেত্রে নিয়োগকর্তা ও কর্মী উভয় পক্ষকেই প্রতি মাসে কর্মীর মূল বেতনের ১২% হারে অর্থ প্রফিডেন্ট ফান্ডে জমা করতে হয়। তবে কর্মীর মূল বেতন ১৫,০০০ টাকার বেশি হলেও, বাধ্যতামূলক পিএফ অবদান ১৫,০০০ টাকার ভিত্তিতেই কাটা হয়। তাঁর বেশি পিএফ কাটা ঐচ্ছিক। 

কর্মীর ভাগের পুরো অর্থই ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু তিনি যে সংস্থায় কর্মরত, তার অংশের অর্থ ইপিএফ এবং ইপিএস-এর মধ্যে ভাগ করা হয়। বর্তমান ঊর্ধ্বসীমা অনুযায়ী, নিয়োগকর্তা ও কর্মী উভয়ের ক্ষেত্রেই প্রতি মাসে বিধিবদ্ধ অবদানের পরিমাণ ১,৮০০ টাকা। বেতনের ঊর্ধ্বসীমা যদি ২৫,০০০ টাকা করা হয়, তাহলে কোম্পানি ও কর্মী উভয়ের জন্যই বাধ্যতামূলক মাসিক অবদানের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩,০০০ টাকা। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই অতিরিক্ত ব্যয়ের কারণেই প্রস্তাবটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভরা মনে করছেন, ‘কোড অন সোশ্যাল সিকিউরিটি’ এবং ‘কোড অন ওয়েজেস’-এর কারণে বিধিবদ্ধ আর্থিক দায়িত্ব ১৫% থেকে ২০% পর্যন্ত বাড়তে পারে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্র থেকেও জানা গেছে যে, নতুন লেবার কোডের শর্তাবলী বা কমপ্লায়েন্স মেনে চলতে তাদের ১,০০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। 

আরও পড়ুনঃ ২৮ লক্ষের চাকরি ছেড়ে শুরু করেন মুরগির ব্যবসা, মাসে ১ কোটি আয় IIT পাস যুবকের

শ্রম মন্ত্রকের একটি অভ্যন্তরীণ মূল্যায়ন দেখে ধারণা করা হচ্ছে যে, বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হলে আরও ১ কোটিরও বেশি শ্রমিককে বাধ্যতামূলকভাবে ইপিএফও (EPFO)-র আওতায় আনা সম্ভব হবে। শ্রমিক সংগঠনগুলিও বেশ কয়েক বছর ধরেই এই সীমা সংশোধনের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, বর্তমান ১৫,০০০ টাকার সীমাটি অনেক স্বল্প ও মাঝারি দক্ষতার শ্রমিক, বিশেষ করে মেট্রো শহরগুলোতে যারা কর্মরত, তাদের বেতনের প্রকৃত অবস্থাকে আর প্রতিফলিত করতে পারে না।

Leave a Comment